ফরিদপুরে নবজাতককে জিম্মি করে ছিনতাই
ফরিদপুর শহরে একটি হাসপাতালে এক নবজাতককে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শিশুটির বাবা অনিল কুমার রায় জানান, পরিচর্যা হাসপাতালের ৩য় তলার ৩০২ নং কক্ষে সকালে তার একটি কন্যা সন্তান জন্ম নেয়। বিকালে ওই কক্ষে কোনো পুরুষ না থাকার সুযোগে একজন অস্ত্রধারী ছিনতাইকারী ওই কক্ষে প্রবেশ করে শিশুটিকে জিম্মি করে।
এ সময় সে তার স্ত্রী কণিকাসহ দুই জনের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে দ্রুত পালিয়ে যায়।
অনিল আরো জানান, তাদের বাড়ি মাদারিপুরের শিবচর পৌর এলাকার শিবরায়ের কান্দি এলাকায়।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
