ফেনীতে বোমা ফাটিয়ে ‘৫শ’ ভরি স্বর্ণ লুট
ফেনী শহরে একটি গয়নার দোকান থেকে অন্তত ‘৫শ’ ভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যায় বড় বাজারের খাজা আহম্মদ সড়কে আবেদীন জুয়েলার্সে এ ডাকাতির সময় অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ জানিয়েছে।
দোকানের সত্ত্বাধিকারী রোমেল জানান, প্রাথমিক হিসাবে মনে হচ্ছে অন্তত ৫শ ভরি স্বর্ণ তারা লুট করেছে।
এ ঘটনার প্রতিবাদে রোববার ফেনী জেলায় সকাল-সন্ধ্যা জুয়েলারি মালিকরা ধর্মঘট ডেকেছেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, ৮/১০ জন মুখোশধারী দুর্বৃত্ত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাংক রোডের খাজা আহম্মদ গলিতে ২০-২৫টি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে দুর্র্বত্তরা আবেদীন জুয়েলার্সে হাতবোমা বিস্ফোরণ ঘটায়।
পরে স্বর্ণের দোকানটি ভাংচুর করে শোকেসে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ সময় বাইরে আশপাশে আরো অন্তত ২৫টি বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
পুলিশ ঘটনাস্থলের আশপাশ থেকে অবিস্ফোরিত অন্তত ১০টি ককটেল উদ্ধার করেছে বলে জানান সাইফুল।
তিনি আরো বলেন, ঘটনার পর পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ান করেছে। চট্টগ্রাম থেকে সিআইডির একটি তদন্ত দল ফেনীর উদ্দেশে রওয়না হয়েছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি বুধবার শহরের ন্যাশনাল জুয়েলার্স থেকে দুই কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ফেনী জুয়েলারি মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এ ডাকাতির প্রতিবাদে তারা রোববার পুরো জেলায় সব জুয়েলারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখবেন।
