২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি খোলার দাবিতে সংবাদ সম্মেলন বগুড়ায়

রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে বগুড়ায় সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 07:15 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার সকালে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বগুড়া ও পার্শ্ববর্তী জেলাসমূহের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি বগুড়ার সাতমাথায় রাবির ঘটনা নিয়ে সংহতি সমাবেশ করা হবে বলেও সম্মেলন থেকে ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী মনীষা মাফরুহা।

এ সময় উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের বর্তমান ছাত্র আমিনুর রহমান, সমাজকর্মের গোলাম মোস্তফা, বাংলা বিভাগের শাকিল আহম্মেদ প্রমুখ।

লিখিত বক্তব্যে বিনাশর্তে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আহত শিক্ষার্থী ও সাংবাদিকদের চিকিৎসার দায়িত্ব প্রশাসনকে বহন করার দাবি জানানো হয়।

সেই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হামলায় জড়িত ‘প্রক্টরিয়াল বডির সদস্যদের’ দ্রুত অপসারণেরও দাবি জানানো হয়।

সম্মেলনে ছাত্রছাত্রীদের আন্দোলনকে শান্তিপূর্ণ অভিহিত করে তাতে প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং হামলার পরও আন্দোলনকারীদের বিরুদ্ধে ছয়টি মামলা করার নিন্দা জানানো হয়।