ছাত্রলীগের কর্মকাণ্ডে আওয়ামী লীগ বিব্রত: ভূমি প্রতিমন্ত্রী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্ত্রবাজিসহ ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিব্রত বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
শনিবার দুপুরে চট্টগ্রামের সিআরবিতে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
রাবিতে ছাত্রলীগের অস্ত্রবাজির প্রসঙ্গ টেনে দলের কার্যনির্বাহী সংসদের সদস্য জাবেদ বলেন, “ছাত্রলীগের কর্মকাণ্ডে আমরা কিছুটা বিব্রত। ইতিমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে। অস্ত্রধারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
তবে যে কোনো সরকার ক্ষমতায় থাকলে তার সমর্থক ছাত্র সংগঠন এধরনের সমস্যা তৈরি করে বলেও উল্লেখ করেন জাবেদ।
আকবর হোসেনের সঞ্চালনায় সংলাপে প্যানেল আলোচক ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাদাফ নূর-এ ইসলাম ও বেসরকারি সংগঠন ইপসার প্রধান আরিফুর রহমান।
‘ছাত্রলীগ সরকারের জন্য বোঝা হবে’ বলে মন্তব্য করে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান বলেন, “এটা অনেক বড় সমস্যা। রাজশাহীর বিষয়টি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ছাত্রশিবিরকে বাইরে রাখলেও সেখানে কয়েকবছর ধরে সন্ত্রাস করছে ছাত্রলীগ। ছাত্রলীগ বাম সংগঠনগুলোর ওপরও হামলা করছে।”
‘আত্মরক্ষার অধিকার সবারই আছে’- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীদের ‘অস্ত্রবাজির’ ঘটনায় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে নোমান বলেন, “প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যে সন্ত্রাসীরা আরো উৎসাহিত হয়েছে।”
তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জাবেদ বলেন, “প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।”
সংলাপ নিয়ে দর্শকের এক প্রশ্নের জবাবে নোমান বলেন, “আলোচনা বা সংলাপ করা দরকার। নইলে দূরত্ব বাড়বে। স্থিতিশীলতা নষ্ট হবে।”
‘অবৈধ’ সরকারের সঙ্গে কীভাবে আলোচনা হবে তা জানতে চাইলে নোমান বলেন, “বেশির ভাগ মানুষ নির্বাচনে ভোট দেয়নি। এই সরকার পাঁচ শতাংশ ভোটের সরকার।
“আমরা বলছি এই সরকার অবৈধ। কিন্তু সরকার আছে। সুতরাং এ সরকারের সঙ্গে আলোচনা করা যায়। এরশাদের সঙ্গেও একইভাবে আলোচনা হয়েছিল।”
তবে প্রধানমন্ত্রী নিজেই সংলাপ চায় না বলে অভিযোগ করলেন বিএনপির এই নেতা।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, “আমরা সবসময় সংলাপে আগ্রহী। তবে তাদের সেই আগের তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও হাসিনাকে ছাড়া আলোচনা করার দাবি থেকে সরে আসতে হবে।
“আওয়ামী লীগ সরকারের আমলে পাঁচ হাজার নির্বাচন হয়েছে, সবগুলোতেই বিএনপি অংশ নিয়েছে এবং সামনে উপজেলা নির্বাচনেও বিএনপি অংশ নেবে। তাহলে জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেয়নি কেন?”
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাংসদ আক্তারুজ্জামান বাবুর ছেলে। গত বছর বাবার মৃত্যুর পর উপনির্বাচনে চট্টগ্রাম- ১২ (আনোয়ারা) আসন থেকে নবম জাতীয় সংসদের সদস্য হন তিনি। এর আগে তিনি চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের বিষয়ে আলোচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদাফ নূর-এ ইসলাম বলেন, “চট্টগ্রামের অনেক সম্ভাবনা ছিল, যেগুলো কমে যাচ্ছে। এখন অনেক বহুজাতিক প্রতিষ্ঠান চলে গেছে। বাণিজ্যিক রাজধানী শুধু ঘোষণার মধ্যেই রয়ে গেছে।”
তবে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি জাবেদ বলেন, “দেশের ৮৫ শতাংশ আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম দিয়ে। বাণিজ্যিক রাজধানী হিসেবে যা যা দরকার বন্দর, বিমান বন্দর, স্টক এক্সচেঞ্জ, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সব এখানে আছে।”
সাবেক মন্ত্রী নোমান বলেন, বাণিজ্যিক রাজধানীর ক্ষেত্রে অবকাঠামোগত বিনির্মাণ হয়েছে। এখন সম্মিলিতভাবে কাজ করে একে বেগবান করতে হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান বলেন, রাষ্ট্রকে কৃষি কাজে ভর্তুকি দিয়ে কৃষকের চাষের খরচ কমাতে হবে।
নোমান বলেন, গ্যাস, তেল, বীজের বেশি দামের কারণে এ ধরনের সংকট। এর থেকে উত্তরণের জন্য হিমাগারের সংখ্যা বাড়াতে হবে। এজন্য সরকারের পাশাপশি প্রাইভেট সেক্টরগুলোকেও এগিয়ে আসতে হবে।
