২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের সন্ধ্যা নদীতে জাপা নেতার লাশ

নিখোঁজ হওয়র ছয় দিন পর বরিশালের উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদী থেকে জাতীয় পার্টির স্থানীয় এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 03:58 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

নিহত কামাল তালুকদার (৫৫) বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, শনিবার বেলা ১২টার দিকে উপজেলার চথলবাড়ি এলাকায় নদী থেকে তার লাশ উদ্ধার হয়।

কামাল তালুকদারকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে বলে পুলিশের ধারণা।

তার ছেলে মো. রাসেল তালুকদার জানান, গত ২ ফেব্রুয়ারি বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুরের বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেল মেরামতের জন্য মোটর মেকানিক মিন্টুর দোকানে যান তার বাবা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি, তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

কামালের ছোটভাই ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন কচি বলেন, “প্রায়ই কাউকে কিছু না বলে তিনি বাড়ির বাইরে থাকতেন। আবার দু-এক দিন পর ফিরেও আসতেন। তাই এবার আর থানায় কোনো ডায়েরি করা হয়নি।”

ওসি আনোয়ার হোসেন বলেন, কামালের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।