২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় মেলায় শিক্ষা সচিবের কবিতার বই

কলকাতা বইমেলায় শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর ‘নির্বাচিত কবিতা’ গ্রন্থ প্রকাশিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 10:15 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

কবি কামাল চৌধুরী নামে পরিচিত এই সরকারি কর্মকর্তার গ্রন্থটি প্রকাশ করেছে ‘পাঠক’।

গত ৫ ফেব্রুয়ারি কলকাতা বইমেলায় ‘পাঠক’ স্টলের সামনে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বলে শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় বাংলাদেশের সংস্কৃতি সচিব রনজিত কুমার বিশ্বাস, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার, কবি অসীম সাহা, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার এনামুল হক চৌধুরী, কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচনকালে প্রকাশনীর পক্ষে কবি গৌরশংকর বন্দ্যোপাধ্যায় কামাল চৌধুরীর কবিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, কামাল চৌধুরীর কবিতার স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য গ্রন্থটি প্রকাশ করা হয়েছে।

সংস্কৃতিমন্ত্রী গ্রন্থটি প্রকাশের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের খ্যাতিমান কবি, সাহিত্যিকদের লেখা পশ্চিমবঙ্গে আরো প্রকাশের আহ্বান জানান।