টঙ্গীতে বাসচাপায় কৃষকলীগ নেতা নিহত
গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আলম পালোয়ান (৩৬) নিহত হয়েছেন।
শুক্রবার সকালে কাদেরিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তিনি গাজীপুর পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিও ছিলেন।
টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসার জন্য দাওয়াত কার্ড পৌঁছে দিতে তিনি মোটরসাইকেলযোগে গাজীপুর-২ আসনের সাংসদ মো. জাহিদ আহসান রাসেলের বাসায় যাচ্ছিলেন।
টঙ্গী মডেল থানা পুলিশ লাশ থানায় নিয়ে এসেছে। খবর পেয়ে সাংসদ জাহিদ আহসান রাসেল থানায় ছুটে যান।
পরে আবেদনের প্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
আলম পালোয়ান পোড়াবাড়ি সালনা এলাকার প্রয়াত টেপু পালোয়ানের ছেলে।
