২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উল্টে সেনাসদস্যের মৃত্যু

সেনাবাহিনীর একটি ট্রাক বঙ্গবন্ধু সেতুর উপর উল্টে গিয়ে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 07:55 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে এ দুর্ঘটনার পর সেতুর দক্ষিণ লেন দিয়ে আড়াইঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

মৃত প্রভাত কুমার দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও বগুড়া সেনাবাহিনীর ৬নং ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সার্জেন্ট।

বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক জানান, টঙ্গীর বিশ্ব ইস্তেমায় ব্যবহৃত কয়েকটি ভাসমান টাগবোট নিয়ে সেনাবাহিনীর একটি প্রাক টঙ্গী থেকে বগুড়া সেনানিবাস যাওয়ার পথে বিকাল সাড়ে ৩টার দিকে সেতুর ৮নং পিলারের কাছে উল্টে যায়।

এ সময় ট্রাকটি রেলিংয়ে ধাক্কা খাওয়ায় চালক প্রভাত কুমার গুরুতর আহত হন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম জানান, সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার পথে প্রভাত কুমারের মৃত্যু হয়।

আব্দুল হালিম আরো জানান, সন্ধ্যা ৬টার পর দক্ষিণ লেনটি পুনরায় চালু হওয়ার পর উভয় লেন দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু করে।

সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের লোকজন ও পশ্চিম থানা পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয় বলেও তিনি জানান।