২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠল ঢাকা আর্ট সামিটের

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনের ঢাকা আর্ট সামিট, যাকে আয়োজকরা দক্ষিণ এশীয় শিল্পকলা নিয়ে পৃথিবীর বৃহত্তম আয়োজন বলে দাবি করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 07:47 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শুক্রবার সকালে জাতীয় চিত্রশালা মিলনায়তনে সিগনেচার বোর্ডে সই করে এই আয়োজনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উদ্বোধন অনুষ্ঠানে থাকা সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, ঢাকা আর্ট সামিটের পরিচালক ও উদ্যোক্তা নাদিয়া সামদানি, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আয়োজক কমিটির চেয়ারম্যান ফারুক সোবহানও ওই বোর্ডে স্বাক্ষর করেন।

দেশি-বিদেশি শিল্পীদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক সারিতে ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনাও।

আসাদুজ্জামান নুর বলেন, এই আয়োজনে যুক্তরাজ্যের টেট মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম, যুক্তরাষ্ট্রের গুগেনহেইম ও মেট্রোপলিটন মিউজিয়াম, ফ্রান্সের পমপিডু সেন্টার এসেছে, যা নিঃসন্দেহে এই অনুষ্ঠানের মর্যাদাকে অনেক বাড়িয়ে দিয়েছে।

“আমি মনে করি, এটা আন্তর্জাতিক পর্যায়ে কেবল বাংলাদেশের সামর্থ্যের প্রমাণই দেয় না। বরং বাংলাদেশের বহুমুখী ও সমৃদ্ধ সংস্কৃতি গর্বিত জাতি হিসাবে বাংলাদেশের পরিচয়কে প্রতিষ্ঠিত করে।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী বলেন, “আমাদের সংস্কৃতি অনেক সমৃদ্ধ হলেও এখানো সুপ্ত অবস্থায় রয়েছে। উন্মোচন করে বিশ্বের সঙ্গে একে পরিচয় করিয়ে দিতে হবে, বিশ্বে ছড়িয়ে দিতে হবে।”

এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কেন্দ্রে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশীয় দেশগুলোর শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শন হচ্ছে ঢাকা আর্ট সামিটে।

তিন দিনের আয়োজনে থাকছে একক প্রদর্শনী, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠান।

এই আয়োজনে সহযোগী হিসাবে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কো পার্টনার হিসাবে রয়েছে, আঁলিয়স ফ্রঁসেজ, ইনডেইটেক্স চেয়ার অব স্পেনিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, গোথে ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল, ব্রিটো আর্টস ট্রাস্ট, সুইস আর্চ কাউন্সিল প্রোহেলভেশিয়া। অ্যাওয়ার্ড পার্টনার হিসাবে রয়েছে যুক্তরাজ্যের ডেলফিনা ফাউন্ডেশন।

অনুষ্ঠানে আয়োজক কমিটির চেয়ারম্যান ফারুক সোবহান ১৯১৬ সালে আবারো ঢাকা আর্ট সামিট করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ২০১২ সালে সফলতার সঙ্গে এই সামিট করার পর দ্বিতীয় এই সামিট আরো বড় পরিসরে আয়োজন করা হয়। যেখানে পুরো দক্ষিণ এশিয়া থেকে সেরা আর্ট আনা হয়েছে।