২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বন্দি বাংলাদেশির মৃত্যু, বিচারিক তদন্ত দাবি

ভারতের মুর্শিদাবাদে কারাগারে এক বাংলাদেশির মৃত্যুর ঘট্নায় বিচারিক তদন্তের দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গভিত্তিক মানবাধিকার সংগঠন মাসুম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 07:17 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

দিনাজপুরের কাজল গ্রামের প্রবাল চন্দ্র রায়কে গত ১৬ জানুয়ারি বহরমপুর কেন্দ্রীয় সংশোধানাগার থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে সাজা হয় প্রবালের। সাজাভোগের মেয়াদ শেষ হলেও ভারতীয় কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা না নেওয়ায় কয়েক মাস ধরে তিনি কারাগারে আটকা ছিলেন।

শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনকে দেয়া এক চিঠিতে বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ বলেছে, নিহত ওই যুবককে কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীরা এখনো বহাল তবিয়তে রয়েছে বলে তাদের তদন্তে উঠে এসেছে।

চিঠিতে বলা হয়েছে, “এটা সত্য যে, শিকার ব্যক্তির কারা হেফাজতে মৃত্যু হয়েছে। কিন্তু ফৌজদারি কার্যবিধি অনুসারে মৃত্যুর কারণ ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে কোনো বিচারিক হাকিমকে তদন্তের দায়িত্ব দেয়া হয়নি।

“বিধি অনুসারে কারাগারে মৃত্যুর ঘটনায় বিচারিক হাকিমকে তদন্ত করার বাধ্যবাধকতা রয়েছে।”

ঘটনার নিন্দা জানিয়ে হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানবাধিকার কমিশনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে মাসুম।

সংস্থাটি জানিয়েছে, ঘটনার সময় নিজ দেশের কয়েকজনসহ অপরাপর আসামিদের সঙ্গে কারাগারের ২৯ নম্বর ওয়ার্ডে ছিলেন প্রবাল।

“ঘটনার দিন ১৬ জানুয়ারি রাত ৯টার কিছু আগে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে অন্যদের সঙ্গে তার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। অনুসন্ধানে জানা গেছে, ঘটনার শিকারকে ধারালো ছুড়ি দিয়ে বর্বরভাবে কোপানো হয়।

“ঘটনার পরপরই প্রধান ওয়ার্ডেন সোমনাথ ভৌমিক, প্রধান নিয়ন্ত্রক সত্যকি সরকার ও প্রধান শৃঙ্খলা কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রবালকে কারা হাসপাতালে নিয়ে যান। কিন্তু রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

চিঠিতে বলা হয়, “এছাড়াও তাকে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলেও কর্তব্যরত চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।”

সংস্থাটি দাবি করেছে, মানবাধিকার কমিশনকে স্বতন্ত্র একটি সংস্থা দিয়ে পুরো বিষয়টি তদন্ত নিশ্চিত করতে হবে।

এছাড়া ওই কারাগারের তত্ত্বাবধায়ক ও বহরমপুরের (সদর) এসডিওকে নিরপেক্ষভাবে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে মৃত্যু প্রতিরোধে ব্যর্থ হওয়ার ও ফৌজদারি কার্যবিধি না মানার দায়ে দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি দেওয়ার দাবিও জানিয়েছে সংস্থাটি।