২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার সন্ধান দাবিতে লক্ষ্মীপুরে শনিবার হরতাল 

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতা ওমর ফারুকের সন্ধান দাবিতে শনিবার জেলায় আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 03:26 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

শুক্রবার জেলা বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণার কথা জানায়। ফারুকের সন্ধান দাবিতে এদিন সংবাদ সম্মেলনও করেছে তার পরিবার।

লক্ষ্মীপুর সদর  উপজেলা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক গত ৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। চট্টগ্রামের পতেঙ্গায় এক স্বজনের বাড়ি থেকে তাকে তুলে নেয়া হয়।

ফারুককে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে দাবি করে তাকে ফেরতের দাবিতে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী পারভীন আক্তার, ছেলে ইমাম হোসেন ইমন ও মেয়ে ফারহানা আক্তার পমি।

হাজিরপাড়া ইউনিয়নের দুইবারের র্নিবাচিত চেয়ারম্যান ফারুক চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের সাবেক ছাত্রনেতা।

পারভিন বলেন, ফারুককে তুলে নেয়ার ঘটনায় পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তা নেয়া হয়নি।

থানা পুলিশ ও র‌্যাব কেউই গ্রেপ্তারের কথা স্বীকার করছে না বলেও অভিযোগ করেন তিনি।

ফারুকের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইমন সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাবার খোঁজ না পেলে আমি পরীক্ষাই দেব না।”

মেয়ে ফারহানা সরকারের উদ্দেশে বলেন, “আমার বাবা যেখানে থাকুক অন্তত একবার আমাদের সাথে  ফোনে কথা বলার সুযোগ দিন। আমাদের বিশ্বাস, সরকার আমার বাবাকে ফিরিয়ে দেবে।”