২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রী হলে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হলে আধিপত্য বিস্তারের জের ধরে হল ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 05:08 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে সংগঠনের হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকাল থেকে হল শাখার সভাপতি খাদিজাতুল কোবরার নেতৃত্বে তার অনুসারীরা হলের ভেতরে আবাসিক শিক্ষক সীমা ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে।

সাড়ে ১১টার দিকে সাধারণ সম্পাদক শেখ মারুফা নাবিলার নেতৃত্বে তার অনুসারীরা প্রাধ্যক্ষের পক্ষে স্লোগান দিতে দিতে অন্য পক্ষের মুখোমুখী হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় পরস্পরের মধ্যে হাতাহাতিসহ হামলায় দুপক্ষের বেশ কয়েকজন ছাত্রী আহত হয়।

ঘটনাস্থলে প্রাধ্যক্ষ উপস্থিত থাকলেও তাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি বলে জানান শিক্ষার্থীরা।

পরে উপ-উপাচার্য অধ্যাপক সহিদ আক্তার হোসাইন, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

এবিষয়ে বেলা ৩টার দিকে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘটনার সুরাহা করতে আলোচনা করছি।”

উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আলোচনা চলছে বলে জানান তিনি।

শিক্ষার্থী ও হলের কর্মচারীরা জানান, শিক্ষাজীবন শেষ হওয়ার পরও হল শাখার সাবেক সভাপতি জাকিয়া জামান নিপাকে প্রাধ্যক্ষ হলে থাকার অনুমতি দিলেও সাবেক সাধারণ সম্পাদক তানজিম শারমিন মিশোরীকে হলে থাকতে দেননি।

একারণে মিশোরীর অনুসারী হিসেবে পরিচিত সভাপতি খাদিজার গ্রুপ ও সাবেক সভাপতি নিপার অনুসারী সাধারণ সম্পাদক মারুফার গ্রপের মধ্যে অসন্তোষের জের ধরে এই ঘটনা ঘটেছে।