আড়াই বছর পর জ্বালানি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী
প্রায় আড়াই বছর পর অফিস করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কয়লা: ‘নতুন প্রযুক্তির’ অপেক্ষা করবে সরকার
বৃহস্পতিবার সকাল ১০টা ৩৭ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে পৌঁছালে তার উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ওই ভবনের নিচ থেকে লিফট পর্যন্ত বিছানো হয় লাল গালিচা। ওই লিফট দিয়েই তিনি উঠে যান দ্বিতীয় তলায় তার জন্য প্রস্তুত করে রাখা ১২২ নম্বর কক্ষে।
টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার ২৪ দিনের মাথায় এটাই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিনের অফিস।
কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন দাপ্তরিক কাজ সেরে প্রধানমন্ত্রী বেরিয়ে যান বেলা সোয়া ২টার দিকে।
পরে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে সাংবাদিকদের জানান নসরুল হামিদ বিপু। তিনি বলেন, আগামী পাঁচ বছর মন্ত্রণালয়ের সামনে কোন কোন চ্যালেঞ্জ আছে এবং সেগুলো কীভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
গত পাঁচ বছরে তিনবার বিদ্যুৎ মন্ত্রণালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী। এর আগে সব শেষ ২০১১ সালের ৮ অগাস্ট তিনি এ মন্ত্রণালয়ে অফিস করেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়। ২০ তলা ৬ নম্বর ভবনে থাকা অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ঢোকার ব্যবস্থা হয় পেছনের ফটক দিয়ে। অন্যদিন ভবনের নিচে সচিবালয়ের গাড়ি রাখা হলেও এদিন তেমনটি দেখা যায়নি।
ওই ভবনের নিচ তলার ক্যান্টিনটিও সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ রাখা হয়। ভবনের নিচেই বসানো হয় আর্চওয়ে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সম্মেলনকক্ষসহ পুরো মন্ত্রণালয় গত তিন দিন ধরে ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হয়। নতুন চেয়ার ও আসবাবপত্র দিয়ে সাজানোর পাশাপাশি ভবনের বিভিন্ন অংশে লাগে নতুন রঙের পোচ।
গতবারের মতো এবারো গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয় নিজের হাতেই রেখেছেন প্রধানমন্ত্রী । এবারো মন্ত্রীর মর্যাদায় তার উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তৌফিক-ই এলাহী। আর এ সরকারে প্রতিমন্ত্রী হিসাবে এসেছেন নসরুল হামিদ বিপু।
