টাঙ্গাইল ও গাইবান্ধায় দুর্ঘটনায় নিহত ২
টাঙ্গাইল ও গাইবান্ধায় বুধবার বিকালে দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল চালক এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারী নিহত হন।
টাঙ্গাইল
বিকাল সাড়ে ৫টায় মির্জাপুরের দেওহাটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল চালক মাসুম হোসেন (১৮)। তিনি উপজেলার বহুরিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী নইমুদ্দিনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার এস আই মোজাম্মেল হক জানান, এ দুর্ঘটনার পর ঢাকা থেকে টাঙ্গাইলগামী ‘ঝটিকা পরিবহন’র বাসটি আটক করা হয়েছে।
তবে, বাসটির চালক ও হেলপার পালিয়ে যায় বলেও জানান তিনি।
গাইবান্ধা
গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বাগদা ফার্ম এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারী রবিউল ইসলাম (৪৫) নিহত হন।
রবিউল ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জ এলাকার লুৎফর রহমানের ছেলে।
এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী দুজন হচ্ছেন গোবিন্দগঞ্জ পৌর এলাকার আনোয়ার হোসেন (৩০) ও শরিফুল ইসলাম (৩৪)।
তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসে বলে জানান তিনি।
