দিনাজপুর মেডিকেলের ১২ শিক্ষক কাজে অনিয়মিত
দীর্ঘদিন ধরে কর্মস্থলে নিয়মিত উপস্থিতি না থাকায় দিনাজপুর মেডিকেল কলেজের (দিমেক) ১২ শিক্ষককে নিয়মিত হওয়ার নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ।
একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে অবহিতকরণ পত্র দেয়া হয়েছে বলে অধ্যক্ষ ডা. কামরুল আহসান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতাল পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে জানুয়ারির শেষ সপ্তাহে ওই শিক্ষকদের প্রতি এ আদেশ দিয়ে নোটিশ পাঠানো হয়।
এই ১২ শিক্ষকের কর্মস্থল দিনাজপুর মেডিকেল কলেজ হলেও তারা দিনাজপুরের বাইরে অবস্থান করেন এবং নিয়মিত উপস্থিত থাকেন না।
কেউ মাসে দুই দিন, কেউ চার দিন আবার কেউ কেউ মাসে একদিন উপস্থিত থাকেন বলেও জানান অধ্যক্ষ।
যে ১২ শিক্ষককে চিঠি দেয়া হয়েছে তারা হলেন বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দীন, মাইক্রোবায়োলজির সহযোগী অধ্যাপক একেএম মৃধা, ফার্মাকোলজির অধ্যাপক আবুল হাসনাত ফেরদৌস, গাইনোকলজির সহকারী অধ্যাপক রোবেয়া খাতুন, নাসরিন জামান, রেসপিরেটরির অধ্যাপক আতিকুর রহমান, মেডিসিনের সহকারী অধ্যাপক রাজিউল আলম, আব্দুল লতিফ, আমিরুজ্জামান, ইউরোলজির সহকারী অধ্যাপক জাবিদ হাসান, রক্ত পরিসঞ্চালনের সহকারী অধ্যাপক একেএম সামসুদ্দিন এবং নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সফিউল্লাহ।
