২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিহিংসায় শিশু আশাকে খুন করেছি’

সিরাজগঞ্জ শহরের এক শিশুকে প্রতিহিংসার কারণে তার চাচাতো বোন খুন করেছে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 08:24 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

খুনের ২৩ দিন পর বুধবার নিহত আশার (৮) চাচাতো বোন মর্জিনা খাতুনকে (২৮) আটক করার পর সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারিক।

গত ১৩ জানুয়ারি শহরের চরমালশাপাড়া মহল্লার দরিদ্র জুড়ান মণ্ডলের শিশুকন্যা আশাকে স্কুল থেকে তুলে নিয়ে শ্বাসরোধে হত্যা করে সয়দাবাদ এলাকার একটি ডোবায় লাশ ফেলে রাখা হয়।

ঘটনার পরে আশার বাবা অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় মামলা করেন।

উপ-পরিদর্শক আব্দুল বারিক জানান, দুপুরে চরমালশাপাড়ার নিজ বাড়ি থেকে শিশু আশার চাচাতো বোন বদি মণ্ডলের মেয়ে মর্জিনা খাতুনকে সন্দেহভাজন আসামি হিসাবে আটক করা হয়।

থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে খুনের কথা স্বীকার করেছে।

“পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিহত আশার ব্যবহৃত স্বর্ণের নাক ফুল, কানের দুল ও পায়ের মোজা উদ্ধার করা হয়।”

বারিক আরো জানান, পারিবারিক দ্বন্দ্ব ও প্রতিহিংসার কারণে সে আশাকে হত্যা করেছে বলে জানিয়েছে মর্জিনা।

বিকালে মর্জিনাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রুবিনা পারভীনের আদালতে হাজির করা হলে জবানবন্দিতে সে একাই আশাকে গলা টিপে হত্যার পর মৃতদেহ ডোবায় ফেলে রাখার কথা স্বীকার করে বলে জানান তিনি।

আশা শহরের হোসেনপুর (দঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।