বরিশালের বাস্তুহারা স্কুল মাঠে শিশুরাই খেলবে
বরিশালের বাস্তুহারা বিদ্যালয় মাঠে থাকা নির্মাণ সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে বলেছে হাই কোর্ট, যাতে শিশুরা সেখানে খেলতে পারে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
মাঠ দখল করে স্থাপনা নির্মাণকারী বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
ওই মাঠে আবার শিশুদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
আদেশ বাস্তবায়নের অগ্রগতি ২ সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।
পাশাপাশি মাঠটি রক্ষায় কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত।
দুই সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, পরিবেশ সচিব, বরিশালের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও জয়নাল আবেদীনকে এর জবাব দিতে হবে।
গত ১২ জানুয়ারি এক দৈনিকে ওই মাঠ দখল করে ওয়ার্ড কাউন্সিলর স্থাপনা নির্মাণ করছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
প্রকাশিত প্রতিবেদনটি যুক্ত করে রিট আবেদন করা হয়। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ।
তিনি বলেন, পরিবেশ আইন ১৯৯৫ ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুসারে খেলার মাঠ দখল করে স্থাপন তৈরি সম্পূর্ণ বেআইনি।
