মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধ, পুলিশ নিখোঁজ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর কাছে নৌ-ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত এবং একজন গুলিবিদ্ধ হয়ে নদীতে নিখোঁজ হয়েছেন।
পুলিশ কনস্টেবল আব্দুল মালেককে উদ্ধারে দমকল বাহিনীর ডুবুরিদল উদ্ধার তৎপরতা শুরু করেছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে টহলরত নৌ পুলিশের সঙ্গে ডাকাতদের গুলি বিনিময় হয়। পুলিশের ট্রলারে মোট মোট চারজন সদস্য ছিলেন।
গোলাগুলির এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মালেক গুলিবিদ্ধ হয়ে মেঘনায় ডুবে যায়। এছাড়া ডাকাত সদস্যদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। ডাকাতদলের কয়েকজন গুলিবিদ্ধ হলেও কুয়াশার কারণে তাদের আটক করা যায়নি।
তবে ডাকাতদের ব্যবহৃত ট্রলার লুন্ঠিত মালামালসহ আটক করা হয়েছে। ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র।
