আর্সেনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ২৯ হাজার
দেশের ৫৩ জেলায় সাড়ে ২৯ হাজার আর্সেনিক আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান সৈয়দ আশরাফ।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রীর অনুপস্থিতিতে আর্সেনিক নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিচালিত এক পরিসংখ্যান তুলে ধরেন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।
সংসদে উপস্থাপিত ‘বাংলাদেশ আর্সেনিক মিটিগেশন সাপ্লাই প্রকল্প’ নামের ওই পরিসংখ্যানে দেখা যায়, ১৯০ উপজেলায় আর্সেনিক আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে কুমিল্লার লাকসাম। সেখানে এক হাজার ৭৯১ জন রোগীর সন্ধান পাওয়া গেছে।
এছাড়া নোয়াখালীর চাটখিল, সেনবাগ উপজেলা, নবাবগঞ্জ সদর, লক্ষীপুরের রামগতি, যশোরের চৌগাছা, নরসিংদী সদর ও সাতক্ষীরার শ্যামনগরেও আর্সেনিক আক্রান্তের সংখ্যা বেশি।
তবে জেলার পরিসংখ্যানে সবচেয়ে বেশি রোগীর সন্ধান পাওয়া গেছে নোয়াখালীতে।
জেলার চাটখিলে এক হাজার ৩৪ জন ছাড়াও, সেনবাগে এক হাজার ২৩ জন এবং কোম্পানীগঞ্জে ২৩১জন আর্সেনিক আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।
আর্সেনিক দূষণরোধে গভীর নলকুপ, পিএসএফ পাতকুয়া, বৃষ্টির পানি সংরক্ষণাগার নির্মিত হচ্ছে বলে সংসদে জানান মন্ত্রী।
আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহ বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে সংসদকে অবহিত করেন তিনি।
তিনি জানান, এরমধ্যে দেশের ৪০টি পৌরসভা এবং গ্রোথ সেন্টারে অবস্থিত পানি সরবরাহ ও এনভায়রনমেন্ট প্রকল্প দ্বিতীয় পর্যায়ে রয়েছে।
এছাড়া আইলা দুর্গত এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, জাতীয় স্যানিটেশন প্রকল্পসহ ( ফেজ-৩) বিভিন্ন প্রকল্প রয়েছে বলেও জানান তিনি।
