আড্ডা-বিতর্কে জমে উঠছে বইমেলা
বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার আবহটা এখন আর শুধু স্টলে স্টলে ঘুরে পছন্দের বই কেনার মধ্যে আটকে নেই। সব বয়সীদের আড্ডায় বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কের ক্ষণও এনে দেয় বইমেলা।
একুশে গ্রন্থ মেলার চতুর্থ দিন মঙ্গলবার বই কেনার পাশাপাশি বিভিন্ন স্থানে দর্শনার্থীদের আড্ডা চোখে পড়লো।
বাংলা একাডেমির প্রশাসনিক ভবনের পাশের পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন আরমান আজম।
বলেন, “মেলা কেবলই শুরু হলো। প্রতিবছরই মেলার দিনগুলোতে আসা হয়। বন্ধুরা মিলে আসি। বই দেখি, বই কিনি।”
এবছর ‘এখনো বই কেনা হয় নি’ বলে জানিয়ে বলেন, “সবে তো শুরু হলো, কয়েকটা দিন যাক। এখনো দেখছি।”
বেলা তিনটা থেকে মেলামুখী মানুষের ভিড় বাড়তে থাকে। সন্ধ্যার পরে মেলা হয়ে যায় পূর্ণ।
এ বছর মেলাকে দুটো অংশে ভাগ করায় অনেককেই অবশ্য কিছুটা বিভ্রান্ত হতে দেখা গেছে।
মেলায় আসা শ্রাবস্তী দত্ত বললেন, “একাডেমি অংশে গিয়ে দেখি বইয়ের বেশিরভাগ দোকানই নেই। পরে একজন বললো সোহরাওয়ার্দী উদ্যানে আসতে। এখানে এসে বিষয়টা বুঝতে পারলাম।”
মেলার চতুর্থ দিনে বিক্রিবাট্টাও খারাপ হয়নি। কাকলী প্রকাশনীর স্বত্বাধিকারী একেএম নাসির আহমেদ সেলিম বলেন, “আগের তিনদিনের চেয়ে মঙ্গলবার মেলায় ভিড় বেশ ভালোই। সবাই দল বেঁধে আসছেন, বই কিনছেন।”
বিভাস প্রকাশনীর রামশংকর দেবনাথ বলেন, “মুলত আজ স্বরসতী পুজা ছিল। এজন্য অনেকেই জগন্নাথ হলে এসেছিলেন, তারা পূজা শেষে মেলাও ঘুরে যাচ্ছেন। বইও কিনছেন।”
মঙ্গলবার মেলায় এসেছে ৫৭ টি নতুন বই। এরমধ্যে রয়েছে গল্প ১০, উপন্যাস ১২, প্রবন্ধ ৩, কবিতা ১৩, গবেষণা ১, ছড়া ২, শিল্পসাহিত্য ২, জীবনী ২, মুক্তিযুদ্ধ বিষয়ক ২, নাটক ২, ইতিহাস ১, রম্য রচনা ২, ধর্মীয় ১ এবং অন্যান্য ৪টি বই।
