বিচারপতি হাবিবুর রহমানকে স্মরণ করলো চট্টগ্রামবাসী
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে স্মরণ করেছে চট্টগ্রামবাসী।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান ছিলেন একজন ব্যতিক্রমী বাঙালি মনীষী, ঋজু ব্যক্তিত্বের অধিকারী একজন প্রাজ্ঞ ব্যক্তি।
বিচারপতি হাবিবুর রহমান শোকসভা কমিটি চট্টগ্রাম আয়োজিত সভায় বক্তারা বলেন, জাতির এক কঠিন সময়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে দক্ষতা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করেছেন।
বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমিরেটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক ড. মইনুল ইসলাম, কবি ও সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপক গোলাম মুস্তাফা, প্রকৌশলি দেলোয়ার মজুমদার প্রমুখ।
সভার শুরুতে শোক সংগীত পরিবেশন করেন শীলা মোমেন, জীবনী পাঠ করেন কামরুর হাসান বাদল, হাবীবুর রহমানের লেখা থেকে পাঠ করেন রাশেদ হাসান।
