শ্যামনগরে ‘বন্দুকযুদ্ধে’ মৎস্যজীবী দল নেতা আহত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মৎস্যজীবী দলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
এ সময় শ্যামপুর থানার দুই কনস্টেবলও আহত হন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সকালে কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর এলাকায় এ ঘটনায় আহত জামাল হোসেন ফারুক (৩২) মৎস্যজীবী দলের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক।
আহতদের প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্যামনগরের কাশিমাড়ি গ্রামের আশরাফুল ইসলাম সরদারের ছেলে।
শ্যামনগর থানার ওসি সগির মিয়া সাংবাদিকদের জানান, জামাল হোসেন দশম জাতীয় সংসদ নির্বাচনপূর্ব অবরোধ ও হরতালে গাছকাটা ও নাশকতার একাধিক মামলার পলাতক আসামি।
ওসি বলেন, সকাল গোপন সংবাদ পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসছিল। পথিমধ্যে জয়নগর এলাকায় জামালের লোকজন তিনটি হাতবোমা ও পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশ ১০ রাউন্ড গুলিবর্ষণ করলে জামাল হোসেনের ডান পায়ে গুলিবিদ্ধ হয়।
এ ঘটনায় শ্যামনগর থানার পুলিশ কনস্টেবল মিলন দাশ ও কনস্টেবল ফেরদৌস হোসেন আহত হন বলেও ওসি জানান।
ওসি আরও জানান, আটক জামালের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনের মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।
তবে, গুলিবিদ্ধ জামাল হোসেনের ভাই আক্তার হোসেন ফারুকের দাবি, পুলিশ তাকে সোমবার রাতে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। সকালে তারা জানতে পারেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জামাল গুলিবিদ্ধ হয়েছেন।
বন্দুকযুদ্ধ নয়, আটক অবস্থায় পুলিশই তাকে গুলি করে আহত করেছে বলে তিনি অভিযোগ করেন।
কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ওলিউল্লাহ জানান, জামাল ফারুক ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক। তার চাচাতো ভাইয়ের বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ২টার দিকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
