২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আইন কলেজে নিয়োগ নিয়ে মামলা

বিধি ভেঙে অধ্যক্ষসহ তিন শিক্ষককে নিয়োগ দেয়ার অভিযোগে রংপুর আইন মহাবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অধ্যক্ষসহ ১১ জনের মামলা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 08:06 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

মঙ্গলবার রংপুরের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলাটি করেন মহাবিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক সাজেদ হোসেন তাতা, আব্দুল হাদী বেলাল ও খন্দকার রফিক হাছনাইন।

এ কলেজে কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ এবং অধ্যক্ষ পদে আবু মোহাম্মদ মোজাম্মেল হক দায়িত্ব পালন করছেন।

অপর বিবাদিরা হলেন খণ্ডকালীন অধ্যাপক রেজাউল হক, জামিল আখতার, জগদীশ চন্দ্র বর্মন, ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. রেজাউল হক, ড. আবু মো. ইকবাল রুমি শাহ, শিক্ষক প্রতিনিধি আব্দুর রশিদ চৌধুরী, অভিভাবক সদস্য তোফাজ্জল হোসেন, আবুল কাশেম ও আনোয়ারুজ্জামান।

বাদি পক্ষের কৌশলী আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের বিচারক শরিফুল ইসলাম বাদি পক্ষের আরজি আমলে নিয়ে দুপুরে শুনানি শেষ করেন।

“সন্ধ্যা ৬টায় বিচারক স্থিতিবস্থা বজায় রেখে বিবাদিদেরকে পাঁচদিনের মধ্যে অভিযোগের জবাব দেয়ার আদেশ দেন।”

বাদির অভিযোগ, অধ্যক্ষ পদে চাকরির বয়সসীমা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধিতে ৬০ বছর এবং বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে ৬৫ বছর বয়স। বর্তমান অধ্যক্ষের বয়স ৮১ বছর।

অধ্যক্ষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবং তার নিয়োগের জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদনও নেয়া হয়নি অভিযোগ তোলা হয়েছে।

খণ্ডকালীন অধ্যাপক রেজাউল হক বিকম ও এলএলবি ডিগ্রিধারী এবং জামিল আখতার এলএলবি-তে স্নাতক। তাদের অভিযোগ জাবির শিক্ষক নিয়োগ বিধির যা পরিপন্থি।

এছাড়া খণ্ডকালীন অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত জজ  জগদীশ চন্দ্র বর্মনের বয়স ৬৬ বছর। ৬০ বছরের বেশি বয়সী শিক্ষক নিয়োগ দেয়ার বিধান নেই বলে তারা অভিযোগ আনেন।

মামলার প্রধান বিবাদি ও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বলেন, “ মামলার বিষয়টি শুনেছি। নথিপত্র হাতে না পাওয়ার আগে এ ব্যাপারে মন্তব্য করতে চাই না।”

তবে অপর বিবাদি অধ্যক্ষ আবু মোহাম্মদ মোজাম্মেল হকের দাবি বিধি মেনেই নিয়োগ দেয়া হয়েছে।

আদালতের আদেশের কপি পেয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।