সুন্দরবন কুরিয়ারের পার্সেল থেকে অস্ত্র- গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
এলসিডি মনিটরের ভেতরে অস্ত্র পাচারের সময় এক অবৈধ-অস্ত্র বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার বিকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে দিলখুশা সুপার মাকের্টে সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড অফিস থেকে এ ঘটনায় নাজিম ওরফে বুলেটকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি সাভারের মুশরীখোলা এলাকার মৃত আবু হানিফের ছেলে।
পুলিশ তার নেয়া পার্সেল স্যামসং এলসিডি মনিটর খুলে বেতর থেকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, ও দুটি ম্যাগজিন উদ্ধার করে।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যশোরের বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে জৈনক ইসমাইল গত সোমবার এলসিডি মনিটরের অস্ত্র-গুলি ভরে সুমন নামের এক ব্যক্তির কাছে সাভার শাখায় পাঠায়।
সেখানে প্রাপকের একটি মোবাইল নম্বরও দেয়া হয়।
মঙ্গলবার বিকাল আনুমানিক ৫টার দিকে ওই নাম্বারের ফোনটি নিয়ে নাজিম পার্সেলটি নিতে আসেন।
পার্সেলের নিয়ে বের হওয়ার সময় ওঁৎপেতে থাকা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পরে পার্সেলের প্যাকেটে থাকা মনিটরটি খুলে অভিনব কায়দায় রাখা অস্ত্র-গুলি ও ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
নাজিমকে উদ্ধৃত করে পুলিশ আরো জানায়, তার ছোট ভাই জুয়েল মোবাইল ফোনটি দিয়ে তাকে পার্সেলটি নিতে পাঠিয়েছিল।
গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে আমরা হাতে নাতে ধরার জন্য ওঁৎপেতে থাকি।
“তবে মূল অস্ত্র বিক্রেতাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”
আসন্ন উপজেলা নির্বাচনে নাশকতা সৃষ্টির জন্যই অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সাভারে আনা হয় বলে ধারণা করছেন তিনি।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাভার অফিসের ব্যবস্থাপক রেজওয়ানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পার্সেলের ভেতরে মনিটর দেখে আমরা প্যাকেট করেছি।
তবে তার ভেতরে অস্ত্রের বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই।”
