২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ যশোরে

যশোরের এক উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 05:31 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

অভিযুক্ত এস এম হাবিব বর্তমানে চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের দিন যশোর চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী হাবিবুর তার জন্য বরাদ্দ সরকারি গাড়ি নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের আচরণ বিধিতে বলা হয়েছে ‘নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে উপজেলা পরিষদের অফিস ও যানবাহন ব্যবহার করিতে পারিবেন না।’

স্থানীয় ফটোসাংবাদিক হানিফ ডাকুয়া অভিযোগ করেন, সরকারি গাড়ি নিয়ে আসার ঘটনা ক্যামেরা  বন্দি করতে গেলে হাবিব এবং তার গানম্যান তেড়ে আসেন।

বিষয়টি জানতে চাইলে যশোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, “এটি অবশ্যই নির্বাচনী বিধি লংঘন।

“এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা কোনো ব্যক্তি অভিযোগ করলে বিষয়টি তদন্ত কমিটিতে পাঠানো হবে।

“তারা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।”

এদিকে, যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র জানান, উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণার পর হাবিবুরের সরকারি গানম্যান প্রত্যাহার করা হয়েছে।

এখন অস্ত্রসহ যে ব্যক্তি তার সঙ্গে রয়েছেন তিনি ব্যক্তিগত কর্মচারী হতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

তবে ঘটনাটি ঠিক নয় বলে দাবি করেন হাবিব।

মুঠোফোনে তিনি জানান, তার ব্যক্তিগত গাড়িতে চড়েই রিটার্নিং অফিসারের দপ্তরে গিয়েছিলেন।