জামালপুরে শিশু হত্যায় প্রতিবেশী আটক
জামালপুর সদরে এক শিশুকে হত্যার অভিযোগে তাদের প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, সোমবার সকালে বড়ই খাওয়ানোর কথা বলে হোসেনকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী আমজাদ হোসেনের ছেলে কাঠমিস্ত্রী আমিনুর। এরপর থেকে হোসেন নিখোঁজ ছিল।
এ ঘটনায় এলাকাবাসী সন্দেহ করে কাঠমিস্ত্রী আমিনুরকে ধরে পুলিশে সোপর্দ করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আমিনুর জানায়, সে হোসেনকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ মাটির নিচে পুঁতে রেখেছে। এরপর তার দেখানো স্থান থেকে হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে, কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
