কিশোরগঞ্জে বাস খাদে, নিহত ১
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এছাড়া আরো অর্ধশত যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার বেলা ১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী মৃত্যু হয়। তবে তার পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় গুরুতর আহত নয় জনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন মো. আলী, আব্দুস সাত্তার, আব্দুল জলিল, আছমা আক্তার, রানু, চাঁন মিয়া, দুলাল মিয়া, সুলতান ও অচেতন অজ্ঞাতনামা একজন।
এদের মাঝে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক মো. আলী জানিয়েছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল মালেক জানান, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতিতে চলার কারণে হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
ঈশা খা পরিবহনের বাসটি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা থেকে ঢাকা যাচ্ছিল।
দুর্ঘটনার পরই চালক পালিয়ে যায়। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
