২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান শিক্ষককে চড় মেরে স্কুল সভাপতি কারাগারে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে   স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 05:01 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

মারধরের প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসা ঘেরাও করলে রাতেই জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল হালিম খান দুলালকে গ্রেপ্তার করে পুলিশ।

দুলাল উপজেলা আওয়ামী লীগেরও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং চান্দাইকোনা বণিক সমিতির সভাপতি বলেও জানিয়েছে পুলিশ।

রায়গঞ্জ থানার ওসি আনিস আহম্মেদ জানান, ম্যানিজিং কমিটির সভা ডাকায় দেরি হওয়ায় সোমবার বিদ্যালয় ছুটির আগেই শিক্ষার্থী ও সহকর্মীদের সামনে প্রধান শিক্ষককে চপেটাঘাত করেন দুলাল।

“এ ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে দুলাল ও তার স্ত্রী বিদ্যালয়ে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকেও মারধর করে।

“বিষয়টি নিয়ে আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

“এক পর্যায়ে একজোট হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনের সামনে অবস্থান নিয়ে দুলালকে গ্রেপ্তারের দাবি জানায়।”

পরে রাত ৮টার দিকে প্রধানশিক্ষক মামলা দায়ের করলে দুলালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।