নেশার টাকা না পেয়ে নিজের ঘর জ্বালিয়ে দিল
বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে নিজেদের ঘর জ্বালিয়ে দিয়েছে মাদকাসাক্ত ছেলে।
সোমবার রাতে ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের চেরাগী গ্রামে এ ঘটনা ঘটে।
অাগুনে ধান, চাল, গৃহপালিত পাখি ও অন্যান্য সম্পদসহ ঘরটি ভস্মীভূত হয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থলে যাওয়া রাজাপুর থানার উপ-পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে আগুন ধরে। এতে ঘরে থাকা ত্রিশ মন ধান, চাল, ১২৫টির মতো গৃহপালিত কবুতর, হাস-মুরগি ও অন্যান্য সম্পদসহ পুরো কাঠের ঘরটি পুড়ে গেছে।
প্রায় দেড়ঘণ্টা পর এলাকাবাসী আগুন নেভায়।
ওসি নজরুল আরো জানান, নেশাগ্রস্থ নূরুজ্জামান হাওলাদার (৩৫) ঘটনার পরই পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নূরুজ্জামানের কাঠমিস্ত্রী বাবা আব্দুল জলিল হাওলাদার (৬০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে তার ছেলে নূরুজ্জামান তার কাছে ৫ হাজার টাকা দাবি করে।
তিনি পরে টাকা দেয়া হবে বললে নূরুজ্জামান রাগারাগি করে।
এরপর আব্দুল জলিল স্থানীয় সাতুরিয়া বাজারে গেলে নূরুজ্জামান ঘরে কেরোসিন ঢেলে আগুন লাগায়।
নেশা গ্রহণ ছাড়াও তার ছেলে নূরুজ্জামান দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছে। তাকে দুবার পাবনায় নিয়ে চিকিৎসা করা হয় বলেও জানান জলিল।
