জামায়াত কর্মীর লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত
দুই মাস বেশি সময় পর সাতক্ষীরায় জামায়াত এক কর্মীর লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে জামায়াত কর্মী শামছুর রহমানের (৩৬) লাশ তোলা হয়।
ময়নাতদন্ত শেষে বিকালে সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের আব্দুল মাজেদের ছেলে শামছুরের লাশ ফের দাফন করা হয়েছে।
গত ২৭ নভেম্বর সাতক্ষীরায় যৌথবাহিনীর সাথে জামায়াতের সংঘর্ষে নিহত হন তিনি।
সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানান, গত ২৭ নভেম্বর সদর উপজেলার আঁগরদাড়িতে নিয়মিত মামলার আসামী ধরতে যায় পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা।
গভীর রাতে এই অভিযান চলার সময় যৌথ বাহিনীর সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী দেড় শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।
রাতেই জামায়াত নেতা-কর্মীরা নিহত শামছুরের লাশ দাফন করে।
এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবির বাদি হয়ে থানায় মামলা করেন।
পরে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিহতের ময়ণাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
অনুমতি পেয়ে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিমের উপস্থিতিতে শিয়ালডাঙ্গা গ্রামের কবর লাশটি তোলা হয় বলে জানান তিনি।
