২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি গাছ কাটালেন প্রতিমন্ত্রীর ভগ্নিপতি

নাটোরে সরকারি জমির উপর বেড়ে ওঠা একটি বিশাল কড়ই গাছ কাটিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 09:19 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সোমবার দুপুরে সিংড়া পৌর এলাকার ৫নং ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি সংলগ্ন একটি সরকারি জমিতে এ গাছ নিজে উপস্থিত থেকে কয়েকজন শ্রমিক দিয়ে কাটান প্রতিমন্ত্রী জুনাইদের বড় বোন ফাহমিদা আক্তারের স্বামী  রওশন আরেফিন। তিনি নাটোরের সিংড়া পৌর জামায়াতে ইসলামের সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন।

গাছটি খাস জমিতে ছিল উল্লেখ করে স্থানীয় এক কাউন্সিলর বলেন, “আমরা শুনেছি, গাছটি রওশন আরেফিনের পূর্ব পুরুষ লাগিয়েছিলেন।”

গাছটি রক্ষায় তার কোনো করণীয় ছিল কি না জানতে চাইলে বলেন, “এটা মন্ত্রী সাহেব ও এসি ল্যান্ডের ব্যাপার। আমাদের কিছু করার নাই।”

এ গাছের দাম এক লাখ টাকার বেশি হবে বলে ধারণা স্থানীয় কাঠ ব্যবসায়ী আরমান আলীর।

সরকারি জমি থেকে গাছ কাটার কথা স্বীকার রওশন আরেফিন বলেন, “জমি সরকারি হলেও সেখানে গাছটি লাগিয়েছিলেন আমার বাবা।

“ভূমি অফিস থেকে গাছটি কাটতে নিষেধ করা হলে আমি গাছের গোড়া কাটা বন্ধ রেখেছি। একইসঙ্গে আমি ভূমি অফিসে গাছটির তিন ভাগের দুইভাগ পাওয়ার জন্য আবেদন করেছি।

গাছ কাটার আগে কেন কোনো আবেদন করলেন না জানতে চাইলে তিনি বলেন, “এটা আমার জানা ছিল না।”

এ প্রসঙ্গে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (এ সি ল্যান্ড) রফিকুল ইসলাম জানান, গাছটি সরকারি জমির উপরে লাগানো ছিল।

“তাই আমরা গাছটি কাটতে বারণ করেছি।

“তবে শুনেছি গাছটি রওশন আরেফিন নামের এক ভদ্রলোকের বাবা লাগিয়েছিলেন।”

গাছের কিছু অংশ সরকারিভাবে পাওয়ার জন্য রওশনের আবেদনটির কথা স্বীকার করে তিনি বলেন, “আমরা বিষয়টি সুরাহা না করা পর্যন্ত গাছটি ওই জমিতে থাকবে।”

সরকারের সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় লাগানো গাছের অংশ রোপনকারীকে দেয়ার আইন রয়েছে। তবে এ গাছটি এ কোন প্রকল্পেও আওতায় লাগানোর কোন নথি তাদের কাছে নেই বলে জানান তিনি।

তবে প্রশাসনের পক্ষ থেকে গাছের কাটা অংশ জব্দ করার এবং এ ব্যাপারে রওশনকে কোন নোটিশ দেওয়া হয়নি স্বীকার করেন তিনি।