২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর ফোনে ‘অস্বস্তিতে’ বিচারক

টেলিফোনে মন্ত্রীর তদবিরের পর একটি মামলার শুনানি বন্ধ করে দিয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 06:19 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

ব্যাংক ঋণ সংক্রান্ত ওই মামলার শুনানি চলছিল বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি একেএম সাহিদুল হকের বেঞ্চে।

সোমবার শুনানিতে এসে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক শরীফ উদ্দিন চাকলাদার বলেন, “এই বিষয়টির শুনানিকালে একজন মন্ত্রী আমাদেরকে ফোন করেছিলেন। সে কারণে আমরা এই মামলার শুনানি করতে চাই না।”

পরবর্তী সিদ্ধান্তের জন্য ফাইলসহ মামলার নথিটি প্রধান বিচারপতিকে পাঠিয়ে দিয়েছে হাই কোর্টের ওই বেঞ্চ। তবে তদবিরকারী মন্ত্রীর নাম প্রকাশ করেননি বিচারকদ্বয়।

স্বাধীন বিচার বিভাগে বিচারপতির বিব্রত হওয়ার ঘটনা আগেও ঘটেছে। বিব্রত হলে রেওয়াজ অনুযায়ী ওই বিচারক সংশ্লিষ্ট মামলার শুনানি নেন না।

তবে এই মামলার আদেশে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি একেএম সাহিদুল হকের বেঞ্চ ‘বিব্রত’ শব্দটি উল্লেখ করেননি।

বরেন্দ্র ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের মালিক এস এম এ মুহিতের সঙ্গে যমুনা ব্যাংকের ঋণ সংক্রান্ত একটি মামলায় বিচারপতির কাছে মন্ত্রীর ফোন আসে।

বরেন্দ্র ইন্টারন্যাশনালের আইনজীবী মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, মুহিত ২০০২ সালে যমুনা ব্যাংক থেকে ৭০ লাখ টাকা ঋণ নেন। পরে সুদসহ ব্যাংক ২ কোটি ১৭ লাখ টাকা দাবি করে।

কিন্তু বরেন্দ্র ইন্টারন্যাশনাল দাবি করে, সুদসহ তাদের দেনা ৮৪ লাখ টাকা। এনিয়ে বিরোধে উচ্চ আদালত ও নিম্ন আদালতে একাধিক মামলা হয়।

আসাদুজ্জামান বলেন, “এর মধ্যে যমুনা ব্যাংক বন্ধকী সম্পত্তি ১ কোটি ২০ লাখ টাকায় বিক্রি করে দেয়, যার প্রকৃত মূল্য সাড়ে ৪ কোটি টাকা বলে ঋণগ্রহণকারীরা দাবি করে।”

এক পর্যায়ে বিচারিক আদালতের একটি আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন আকারে মামলাটি হাই কোর্টে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি একেএম সাহিদুল হকের বেঞ্চে আসে।

বরেন্দ্র ইন্টারন্যাশনালের আইনজীবী বলেন, “ওই আদালতে কয়েকদিন মামলাটি শুনানি করেছি। আজ শুনানির জন্য উপস্থাপনের পর ওই বেঞ্চ আবেদনটি পরবর্তী সিদ্ধান্তের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়।”