২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ৬ মামলায় আসামি ৪৭৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববারের ঘটনায় ৪৭৫ জনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা হয়েছে, যাতে আসামি হিসেবে ১০৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 06:08 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

‘দুঃখিত, উদ্বিগ্ন’ নাহিদ বললেন, ব্যবস্থা নেয়া হবে

ক্ষোভ নিয়ে হল ছাড়লেন রাবি শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগ সোমবার দুটি করে মামলা করে। প্রশাসন ও পুলিশের মামলায় আসামিদের নাম না জানা গেলেও ছাত্রলীগের মামলায় ইসলামী ছাত্রশিবিরের নেতাদের আসামি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ বলতে না চাইলেও আগের দিন পুলিশ ও ছাত্রলীগের হামলার শিকার আন্দোলনকারীদের আশঙ্কা, তাদেরও মামলায় জড়ানো হতে পারে।

সান্ধ্য কোর্স বন্ধ এবং বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে রোববার ধর্মঘটী শিক্ষার্থীদের ওপর অস্ত্র হাতে চড়াও হয় ছাত্রলীগ। পুলিশও আন্দোলনকারীদের মারধর করে।

এরপর উত্তেজনার মধ্যে রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি বৈঠকে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত হয়। আন্দোলন আপাতত স্থগিত করে সোমবার সকালে ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা।

এরপর মতিহার থানায় ছয়টি মামলা দায়ের করা হয়। যেগুলোতে মিছিলে হামলা, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি, বোমা বিস্ফোরণ, সরকারি কাজে বাধা দেয়ার  অভিযোগ আনা হয়েছে।

মতিহার থানার এসআই মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় মামলায় ১০৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩৭০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে এই ছয় মামলায় আসামির সংখ্যা হয়েছে ৪৭৫ জন।”

শিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি আশরাফুল আলম ইমনসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সন্ধ্যায় রাজশাহী মতিহার থানায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি তন্ময়ানন্দ অভি এই মামলা দুটি করেন। এতে মিছিলে হামলা, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং ক্যাম্পাসে বোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।

মামলা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ-আল-তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসে আমরা মিছিল করছিলাম। আমাদের শান্তিপূর্ণ মিছিলের সময় শিবির বোমা বিস্ফোরণ ও ইট ছুড়েছে। তার পরিপ্রেক্ষিতেই এই মামলা দুটি করা হয়েছে।”

শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযোগের মুখে থাকা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে ঘটনা তদন্তে একটি কমিটি করেছে।

মতিহার থানার এসআই চিত্তরঞ্জন সাহা জানান, সরকারের কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা এবং বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেছেন তারা।

এর আগে দুপুরে প্রশাসনের হয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক ড. সাদ আহমদ মতিহার থানায় দুটি মামলা করেন।

এর মধ্যে একটি মামলা করা হয়েছে বিস্ফোরক আইনে; অন্যটিতে ক্যাম্পাসে ভাংচুর ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

ওসি শামসুন নূর জানান, বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয়েছে ৬০ জনকে। আর ভাংচুর-নৈরাজ্য সৃষ্টির মামলায় অজ্ঞাতপরিচয় ৫০ জনকে আসামি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিন্ডিকেটের জরুরি বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষ এই মামলা দায়ের করেছে।”

তবে তদন্তের ‘স্বার্থে’ এসব মামলার আসামিদের নাম পুলিশ কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউই প্রকাশ করেনি।

সিন্ডিকেট সদস্য ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক আমজাদ হোসেন রোববার ইঙ্গিত দিয়েছিলেন, যারা কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ‘নৈরাজ্যকর’ পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে, তাদের চিহ্নিত করা হবে।

শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল। বৃহস্পতিবার তা ধর্মঘটে গড়ায়। রোববার ধর্মঘটের সময় হয় হামলা, যাতে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসে ভাংচুরের অভিযোগে গ্রেপ্তার ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সজীব আহমেদকে জিজ্ঞাসাবাদ করে যাদের নাম পাওয়া গেছে, তাদের এসব মামলায় আসামি করা হবে।

প্রক্টর জানান, রোববার শিক্ষকদের দুটি গাড়ি, শিক্ষকদের আবাসিক ভবন এবং কয়েকটি অ্যাকাডেমিক ভবনেও ভাংচুর করা হয়।

আন্দোলনকারীদের সমন্বয়কারী ও বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি মামলার তাদের জড়ানো হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করেছি। একটি ছাত্রসংগঠন আমাদের ওপর হামলা করার পর আবার আমাদের বিরুদ্ধেই নাকি মামলা হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একপাক্ষিক নীতিরই নমুনা।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের ওই আন্দোলনে যুক্ত হয়ে ইসলামী ছাত্র শিবির ‘গোলমালের’ চেষ্টা করেছে। তবে যেই দায়ী হোক, তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামালও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।