অপহরণ করে শিশু হত্যার অভিযোগে আটক ৩
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে অপহরণ করে দুই শিশু হত্যার অভিযোগে তিন জন গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- মো. পারভেজ হোসেন (২১), মো. শাহআলী (২২) ও মো. জাহাঙ্গীর(৩০)।
র্যাবের মুখপাত্র এটিএম হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, সোমবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাট থেকে শাহআলী ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যে কাচপুরের সেনপাড়া বস্তি থেকে আটক করা হয় পারভেজকে।
গত ২১ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম (১৩) ও তৃতীয় শ্রেণির সাকিনকে (৮) অপহরণ করা হয়।
পরদিন কাঁচপুর বারগাও বেড়িবাঁধের ওপর জাহিদের বস্তাবন্দি লাশ পাওয়া যায়। ২৬ জানুয়ারি কাছাকাছি এলাকায় পাওয়া যায় সাকিনের লাশ।
আটকদের স্বীকারোক্তির বরাত দিয়ে হাবিবুর বলেন, “প্রেমে প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতে জাহিদকে ও অপহরণ করে টাকা আদায় করে ব্যবসা শুরু করতে সাকিনকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে।”
তিনি জানান, সাকিন অপহরণের পরদিন থেকেই তার বাবা সামছুল আলমের মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে বারবার ফোন আসে, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানাতেও হুমকি দেয়া হয়।
সামছুল আলম ১৫ লাখ টাকার বিনিময়ে তার ছেলেকে ফেরত আনার সিদ্ধান্ত নিলেও আটকরা প্রথম দিনেই শিশু সাকিনকে জবাই করে হত্যা করে।
তিনি বলেন, “আটক পারভেজ হোসেন শিশু জাহিদের বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিল।”
এই উত্ত্যক্ত করার ঘটনায় তার সৎ বাবা সামছুল আলম ও জাহিদের বাবা রহমত উল্লাহ তাকে বকাঝকা করেন।
এতে ক্ষিপ্ত হয়েই পারভেজ ও সহযোগী শাহ আলী দুই শিশুকে জবাই করে হত্যা করে বলে জানান তিনি।
কাচপুরের বেরিবাঁধ এলাকায় ‘খুনিদের’ পালিয়ে থাকতে সহায়তা করায় জাহাঙ্গীরকে আটক করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান ও সিনিয়র সহকারি পরিচালক সাদিরা খাতুন।
