চিতলমারীতে সাংবাদিককে কুপিয়ে জখম
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার সকালে বড়বাড়িয়া গ্রামে নিজ বাড়ির পাশে হামলার শিকার হন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক পূর্বাঞ্চল’ পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম সাফা (৪০)।
তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, এ ঘটনায় দুপুরের দিকে শফিকুলের বাবা বাদী হয়ে একই গ্রামের বরকত মোল্লাসহ (২৭) অজ্ঞাত তিন চার জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
ঘটনার পর থেকেই আসামিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।
স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা আশীষ কুমার অধিকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শফিকুলের মুখের বাম দিকে চোখের পাশে, মাথা, হাত ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
তবে তার অবস্থা আশংকামুক্ত বলে জানান ডা. আশীষ।
চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন জানিয়েছেন, কিছুদিন আগে শফিকুলের বাড়ি থেকে তাদের পোষা কবুতর চুরি হয়। এ ঘটনায় সালিশ বৈঠক করে অভিযুক্ত বরকত মোল্লাকে (২৭) জরিমানা করেন স্থানীয়রা।
এর জেরেই সকালে বরকত ও তার সঙ্গে থাকা তিন-চার জন শফিকুলকে একা পেয়ে বাড়ির সামনের রাস্তায় এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
এর পরপরই চিতলমারী প্রেসক্লাবে জরুরি সভা করে ঘটনার তীব্র নিন্দা এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
