বাসাবোতে গুলি করে ক্যাশের টাকা লুট
রাজধানীর বাসাবোতে এক মুদি দোকানদারকে গুলি করে ক্যাশের টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ১২টার দিকে উত্তর বাসাবোতে এ ঘটনা ঘটে।
আহত মুদি দোকানদার মজিবুর রহমানকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, মজিবুরকে তার ছেলে জুয়েল রাতে হাসপাতালে নিয়ে আসেন।
জুয়েলের বক্তব্য অনুযায়ী, রাতে দোকান বন্ধ করার সময় তিন যুবক এসে মজিবুরের পায়ে গুলি করে এবং ক্যাশ বাক্সের টাকা নিয়ে চলে যায়।
ক্যাশে কতো টাকা ছিল তা জানাতে না পারলেও জুয়েল বলেছেন, প্রতিদিন তাদের ৭/৮ হাজার টাকার বিক্রি হতো।
মজিবুরের ডান উরুতে গুলি লেগেছে বলে পরিদর্শক মোজাম্মেল জানান।
