২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে সংঘর্ষের মধ্যে গাড়ির ধাক্কায় জামায়াতনেতার মৃত্যু

রাজধানীর পল্লবীতে পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের সংঘর্ষের পর ‘পালানোর সময় গাড়ির ধাক্কায়’ স্থানীয় এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 10:14 AM

Updated : 01 Sep 2026, 12:21 PM

নিহত বেলাল হোসেনের (৩৭) বাড়ি শরিয়তপুরে। তিনি দারুসসালাম থানা জামায়াতের নেতা বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষের সময় জামায়াতকর্মীদের ছোড়া হাতবোমায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। কয়েকটি গাড়িও ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা।

ইমতিয়াজ আহমেদ জানান, জামায়াত-শিবির কর্মীরা সকালে কালসি এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। ২২ তলা ভবনের কাছে পল্লবী থানা পুলিশের একটি টহল দল উপস্থিত হলে ওই মিছিল থেকে ককটেল ছোড়া হয়। এতে এক পুলিশ সদস্য আহত হন।

“এরপর পুলিশ ধাওয়া দিলে জামায়াতকর্মীরা রাস্তার গাড়ি ভাংচুর শুরু করে। এ সময় পুলিশ বাধ্য হয়ে শটগানের গুলি ছোড়ে।”

উপ কমিশনার জানান, গুলির পর ছত্রভঙ্গ জামায়াতকর্মীরা দৌঁড়ে পালানোর সময় রাস্তার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে বেলাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পল্লবী থানার এস আই আবুল হোসেন আহত বেলালকে হাসপাতালে নিয়ে গেলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, নিহত বেলালের পরনে ছিল পাজামা-পাঞ্জাবি। তার মাথায় বড় ধরনের জখমের চিহ্ন পাওয়া গেছে।

মিছিলের সময় বেলালের হাতেই দলের ব্যানার ছিল বলে উপ কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান।