২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮শ’ জনের জন্য থাকবে একজন পুলিশ: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশে প্রতি ৮শ’ জনের জন্য একজন পুলিশ সদস্য দেয়ার পরিকল্পনা করছে সরকার। সে অনুয়ায়ী পুলিশের লোকবল বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

কামাল তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 12:17 AM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে নিজ কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই পরিকল্পনার কথা জানান।

৫ জানুয়ারির নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে দেশে এক হাজার ৩৩ জনের বিপরীতে একজন পুলিশ সদস্য রয়েছেন।

পুলিশি সেবার জন্য এই সংখ্যা যথেষ্ট নয় জানিয়ে তিনি বলেন, “ভারতে ৮শ’ জনের জন্য একজন করে পুলিশ রয়েছে। তাই সরকারও চেষ্টা করছে অন্ততঃ ৮শ’ জনের জন্য একজন পুলিশ দিতে।

“এ জন্য পুলিশের লোকবল বাড়ানোর বিষয়ে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি বৈঠক হয়েছে। বৈঠকে ২০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত হয়।”

তবে সরকারের এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বিষয়টি ঠিক করবেন।”

নতুন নিয়োগে কতজন কনস্টেবল আর কতজন উপপরিদর্শক থাকবে, সে ব্যাপারে প্রতিমন্ত্রী কিছু জানাননি।

লোকবল নিয়োগ ছাড়াও ওই বৈঠকে পুলিশের জন্য গাড়ি ও লজিস্টিক সাপোর্ট বাড়ানো নিয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিজের ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আনা, সহিংসতায় প্রাণহানি এড়ানো আর মাদক নিয়ন্ত্রণ- এই তিনটি বিষয় মাথায় রেখেই আমি কাজ করে যাচ্ছি।”

আসন্ন উপজেলা নির্বাচনের পর বিরোধী দলের সরকার হটানোর আন্দোলনে যাওয়ার ঘোষণা রয়েছে।

বিরোধীদের আন্দোলন মোকাবেলায় সরকারের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, “হরতাল-অবরোধ রাজনৈতিক আন্দোলন। সে বিষয়ে কিছু বলবো না।

“তবে হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও করলে তা কঠোর হাতে দমন করা হবে।

“প্রথমে সহিংসতাকারীদের সনাক্ত করা হবে। অপরাধীদের কোনো মারসি দেখানো হবে না।”

মন্ত্রী বলেন, “আমরাও (আওয়ামী লীগ) অনেক বড় বড় কর্মসূচি দিয়েছি। তাদেরও (বিএনপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই।”

কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচির নামে জনগণকে ভয় দেখানো কর্মসূচি দিলে, যেমন হরতালের আগের দিন গাড়িতে আগুন দেয়া, বোমা ফাটানো হলে, তা সহ্য করা হবে না বলে জানান তিনি।