২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলা শুরু হলেও সবার প্রস্তুতি হয়নি শেষ

প্রথমবারের মতো বাংলা একাডেমির বাইরে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া একুশে বইমেলা দ্বিতীয় দিনে পা ফেললেও মেলার প্রস্তুতি এখনো শেষ হয়নি।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 11:02 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার মেলার প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বেশকিছু প্রকাশনীর স্টল প্রস্তুতির কাজ চলছে এবং কয়েকটি স্টল খোলা হয়নি।

এছাড়া মেলায় দর্শনার্থী ও বিক্রয়কর্মীদের জন্য কোনো শৌচাগার না থাকায় অনেককেই অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

রোববার মেলায় বন্ধ পাওয়া যায় গতি ধারা, অয়ন প্রকাশনী, মীরা প্রকাশনা ও ধ্রুবপদসহ বেশ কয়েকটি প্রকাশনীর স্টল। কাজ চলতে দেখা যায় জোত্স্না প্রকাশনী ও কবি প্রকাশনার স্টলে।

জোৎস্না প্রকাশনীর বিক্রয়কর্মী রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল বিকালে মেলা শুরু হওয়ার পরে স্টলের কাজ করা মিস্ত্রি চলে যাওয়ায় আমরা একটু সমস্যায় পড়েছি। আশা করি, দ্রুতই চালু করে ফেলা যাবে।”

তবে মেলা শুরু হওয়ার পর স্টল প্রস্তুতের কাজ করা বা স্টল বন্ধ রাখা নীতিমালার লঙ্ঘন বলে জানান বাংলা একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের উপপরিচালক মুর্শিদুদ্দীন আনোয়ার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নীতিমালা অনুসারে তারা এটা করতে পারেন না। তারপরও যেহেতু নতুন পরিসরে মেলা, সেক্ষেত্রে হয়ত তাদের সমস্যা হতে পারে। তবে সোমবারের মধ্যে অবশ্যই সমাধান করতে হবে।”

বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, এবারের মেলায় ২৯৯টি প্রতিষ্ঠানকে ৫৩৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে ২৩২টি মূল প্রকাশনা প্রতিষ্ঠানকে ৪৩২টি, বাংলা একাডেমি অংশে ২৪টি শিশু-কিশোর প্রকাশনা সংস্থাকে ৩৩টি এবং সরকারি প্রতিষ্ঠান, মিডিয়া ও অন্যান্য ৪৩ প্রতিষ্ঠানকে ৬৯টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়াও এবার ৫৫টি লিটল ম্যাগাজিনকে ‘লিটল ম্যাগাজিন কর্ণারে’ জায়গা করে দেয়া হয়েছে। মেলার ওই অংশের নাম রাখা হয়েছে প্রয়াত কবি খন্দকার আশরাফ হোসেনের নামে।

এদিকে মেলায় দর্শনার্থী ও বিক্রয়কর্মীদের জন্য কোনো শৌচাগার না থাকায় সমস্যার কথা জানান কয়েকজন প্রকাশক।

অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন কান্তি রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউটিলিটির কোনো ব্যবস্থা না থাকায় অনেকেই বিপদে পড়ছেন।”

তবে মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবছর সব পরিকল্পনার বাস্তবায়ন না হলেও আশা করি, আগামী বছর থেকে সব ঠিক হয়ে যাবে।”

বিকালের পর থেকে দর্শনার্থীরাও আসতে থাকেন মেলায়। তবে মেলার স্থান পরিবর্তনে বিষয়টি জানা না থাকায় অনেককে বিভ্রান্ত হতে দেথা যায়।

সোহরাওয়ার্দী উদ্যানের অংশে থাকা মাহবুবা খান মৌ বলেন, “প্রথমে একাডেমি প্রাঙ্গণে গিয়ে দেখি কেউ নেই। পরে এখানে এসেছি। মুলত প্রকাশনীগুলো এখানেই।

“আজ প্রথমদিন, মেলা তো চলছে, আবারো আসা হবে। সামনে হয়ত আরো ভালো লাগবে।”

এদিকে মেলা একাডেমি প্রাঙ্গণের বাইরে আসায় স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি তুলেছেন কোনো কোনো প্রকাশক।

মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমেদ মাহমুদুল হক বলেন, “মেলাকে একাডেমির বাইরে নিয়ে আসার ফলে আমাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হয়েছে। আমরা চাই এর পরের বছর থেকে মেলা প্রাঙ্গণে একটি স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হোক।”

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। আর ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।