২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকের চেম্বারে লাইনেই মারা গেল শিশুটি

গুরুতর অসুস্থ অবস্থায় চার ঘণ্টা ডাক্তারের চেম্বারের সামনে অপেক্ষার পর মায়ের কোলেই মারা গেছে একটি শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 08:29 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

শনিবার রাতে মুন্সীগঞ্জ শহরে শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের চেম্বারে মৃত রবিউল হাসান (২) টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মামুন হোসেনের ছেলে।

শিশুটির মা বিউটি বেগম ও বাবা মামুন হোসেন জানান, সন্তানকে ডাক্তার দেখাতে শনিবার দুপুর ২টায় ডা. এম এ মতিনের চেম্বারে আসেন বিউটি। ডাক্তারের সাক্ষাত পেতে সিরিয়ালে সন্তানের নামও লেখান।

রবিউলকে কোলে নিয়ে ৪ ঘণ্টা ধরে ডাক্তারের সাক্ষাতের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন বিউটি বেগম।

ছেলের অবস্থা খারাপ হয়ে উঠলে কয়েকবারই তিনি সিরিয়াল ভেঙে ডাক্তারের সাক্ষাত পাওয়ার চেষ্টা করেন।

কিন্তু দরজার সামনে থাকা ডাক্তারের সহকারী তার আবেদনে সাড়া দেননি।

এ ব্যাপারে ওই চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মতিন বলেন, “আমি চেম্বারে রোগী দেখায় ব্যস্ত ছিলাম। বাইরে কার শারীরিক অবস্থা বেশি খারাপ তা আমার জানার কথা নয়।”

“রাত ৮ টায় রোগীর ভিড় ঠেলে শিশুটিকে নিয়ে তার মা যখন চেম্বারে ঢোকেন তখন সে আর বেঁচে ছিল না।”