সিরাজগঞ্জে শুধু এক উপজেলায় একক প্রার্থী
উপজেলা পরিষদ নির্বাচনে দলের শীর্ষ পর্যায় থেকে একক প্রার্থী দেয়ার কথা বলা হলেও সিরাজগঞ্জে তিন উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলার চার উপজেলার মধ্যে একটিতে একক প্রার্থী দেয়া হয়।
উল্লাপাড়ায় সাবেক পৌর মেয়র মারুফ বিন হাবিব দলের একক প্রার্থী মনোনীত হয়েছেন। এছাড়া সদর, রায়গঞ্জ ও কাজিপুরে একাধিক প্রার্থী রয়েছেন।
সদর উপজেলায় প্রার্থী হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আবু ইউসূফ সূর্য্য এবং সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন।
এ ব্যাপারে জেলা যুবলীগ সভাপতি মঈন উদ্দিন খান চিনু বলেন, ব্যবসায়ী হিসেবে পরিচিত রিয়াজ উদ্দিন আওয়ামী লীগে নবীন। এক্ষেত্রে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা আবু ইউসূফ সূর্য্যকে এবার মনোনয়ন দেয়া উচিত।
তবে, মনোনয়ন প্রত্যাশী রিয়াজ উদ্দিন জানান, রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি থাকেন। টেন্ডারবাজি বা ঠিকাদারি কাজে নেই। তবে দলের প্রয়োজনে আর্থিক সহায়তা করে থাকেন।
তিনি দাবি করেন, পারিবারিকভাবেই সম্পদশালী হওয়ায় ঈর্ষান্বিত হয়ে অনেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
রায়গঞ্জে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ এবং সাবেক সভাপতি রহিচ উদ্দিন জয়লান। এখানে দল থেকে একক প্রার্থী ঘোষণা করা হয় জিন্নাহকে।
কাজিপুরে বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক বকুলকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু আরো দুজন আবুল কালাম আজাদ ও কামরুজ্জামান বিপ্লব সেখানে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে, একক প্রার্থী মনোনয়নের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম শুক্রবার রাতে সার্কিট হাউজে দলের সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত সবাই তাকে একক প্রার্থী মনোনয়নে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার অনুরোধ করেন।
এ বিষয়ে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, শীগগিরই সিরাজগঞ্জ সদরে একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। যে দলের প্রার্থীর বিরুদ্ধে যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
