গাজীপুরে গ্যাস লাইন থেকে আগুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় রাস্তায় খননকালে তিতাসের গ্যাস সরবরাহ লাইনের নল ফেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রোববার সকালে এ অগ্নিকাণ্ড হয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি চায়ের দোকান, বিদ্যুতের একটি খুঁটি ও তিনটি ট্রান্সফরমার আংশিক পুড়ে গেছে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস জানায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস ছাত্তার সাংবাদিকদের জানান, মাওনা চৌরাস্তায় ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে। ওই কাজের জন্য বেশ কয়েকদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে খনন করা হচ্ছে।
বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের নিচে স্থাপিত তিতাস গ্যাস লাইনের পাইপ ফেটে যায় এবং গ্যাস বেরুতে থাকে।
ধারণা করা হচ্ছে, কেউ ওই গর্তে সিগারেট বা দিয়াশলাইয়ের আগুনের কাঠি ফেলার পর আগুন ধরে যায়।
খবর পেয়ে শ্রীপুর দমকল বাহিনীর দুটি ইউনিট দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গ্যাস লাইনের চারটি প্রধান সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ ঘটনার পর থেকে মাওনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় গ্যাস ও বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে বলে তিনি জানান।
