২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৬

ময়মনসিংহের ভালুকায় একটি বাসের সঙ্গে ইজতেমাগামী একটি লেগুনার সংঘর্ষে ছয় আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 12:53 AM

Updated : 01 Sep 2026, 12:21 PM

ভালুকা মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমতলী এলকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতরা সবাই লেগুনার আরোহী। তারা ময়মনসিংহ থেকে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যাচ্ছিলেন বলে জানান ওসি।

তিনি বলেন, “বাস চালক ঘন কুয়াশার মধ্যেও বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। আমতলী এলাকায় লেগুনাটির সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।”

সংঘর্ষের পর ঘটনাস্থলেই লেগুনার তিন জনের মৃত্যু হয়। আহত দশজনের মধ্যে সাতজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে দুইজনের মৃত্যু হয়।

বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পথে মারা যান শাজাহান (৩০) নামে আরেকজন।

আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  বাকি চারজন ময়মনসিংহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।