আখেরি মোনাজাতে বিশেষ ট্রেন ও বাস
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হতে যাচ্ছে টঙ্গীর তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষপর্ব।
কর্তৃপক্ষ এরইমধ্যে মোনাজাতে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করেছে।
প্রথম পর্ব গত ২৪ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৬ তারিখ।
তিন দিনব্যাপী ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবারও ছিল লাখো মানুষের ঢল। চলছে কোরআস-হাদিসের আলোকে বয়ান।
বাদ ফজর পাকিস্থানের মাওলানা হাজী আব্দুল ওয়াহাবের বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়। এ বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা দেলোয়ার হোসাইন।
সকালেই টঙ্গী শহর, ইজতেমাস্থল ও আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। ৩৩ জেলার মুসল্লি ৩৮টি খিত্তায় অবস্থান নিয়েছেন।
টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে মানুষ ছিল ঠাঁসা। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।
দ্বিতীয় দফার দ্বিতীয় দিনেও বাদ আছর শতাধিক যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে।
রোববার সকালে আখেরি মোনাজাত
রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে। দিল্লীর তাবলীগ মার্কাজের শীর্ষ মাওলানা জোবায়রুল হাসান মোনাজাত পরিচালনা করবেন বলে জানান বিশ্ব ইজতেমার মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন।
শনিবার যারা বয়ান করেছেন
দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন বাদ যোহর ভারতের মাওলানা ইসমাইল গোদরা, বাদ আছর ভারতের মাওলানা যোবায়েরুল হাসান এবং বাদ মাগরিব একই দেশের মাওলানা আহম্মদ লাট বয়ান করেন।
বিশেষ ট্রেন
রেল কর্তৃপক্ষ জানায়, বিশ্বইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখেরি মোনাজাত উপলক্ষে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ২৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সকল ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি করবে। এছাড়া ইজতেমায় আগত যাত্রীদের কথা বিবেচনায় রেখে টঙ্গী রেলওয়ে জংশনে অতিরিক্ত টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
চলবে শাটল বাস
গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, শনিবার রাত থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত টঙ্গী কলেজ গেইট থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারন যানবাহন বন্ধ থাকবে।
তবে মোনাজাতের দিন রোববার সকাল থেকে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত মুসুল্লীদের সুবিধার্থে ৫০টি বিআরটিসি বাস ও ব্যক্তি মালিকানাধীন ৫০টি (ইজতেমার স্টিকার লাগানো) শাটল বাস চলাচল করবে।
এছাড়া ইজতেমায় মুসল্লিদের যাতায়তের জন্য বিভিন্ন স্ট্যান্ড থেকে বিআরটিসির ৩০০টি বাস চলাচল করছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম জানান, “বিশ্বইজতেমা সফলভাবে এগিয়ে চলছে। আশা করছি, আল্লাহ্র রহমতে আখেরি মোনাজাত নির্বিঘ্নে সম্পন্ন হবে।”
ইজতেমা ময়দানে মশার উপদ্রব
ইজতেমা ময়দানে মশার উপদ্রবে রাতে মুসল্লিরা ঘুমাতে পারেননি, জেগে বসে থাকতে হয়।
নারায়নগঞ্জের পাগলা এলাকা থেকে গত বুধবার আসা মো. আব্দুল মান্নান (৪৫) এক নম্বর খিত্তায় ৭০ জন মুসুল্লিসহ অবস্থান করছেন।
তিনি জানান, ওই এলাকায় মশার উপদ্রব অনেক বেশি। রাতে তাদের ঘুমাতে খুব অসুবিধা হচ্ছে। গত বুধবার থেকে একবারও তাদের খিত্তায় মশক নিধনের জন্য কোনো ওষুধ প্রয়োগ করা হয়নি।
একই কথা জানালেন, কুমিল্লা থেকে আসা আব্দুর রহমান (৩৫), মোবারক হোসেন (৫৫) ও তাজুল ইসলামসহ (৫৫) আরো অনেকে।
তাদের অভিযোগ ফগার মেশিনে শুধু সিটি কর্পোরেশনসহ বিভিন্ন অফিসের কন্ট্রোল রুমেই মশার ওষধু দেয়া হয়। রাতে মশার কামড়ে মুসল্লিরা ঠিকমতো ঘুমোত না পেরে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে ফ্রি-মেডিকেল ক্যাম্পে ভিড় জমাতে দেখা গেছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী কর্মকর্তা মো. কবির আল আসাদ জানান, মশার ওষুধ প্রয়োগের জন্য তাদের নিজস্ব কোনো ‘ফগার মেশিন’ নেই। ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর) থেকে ১০টি ফগার মেশিন প্রতিদিন নিয়ে আসা হয়। পরে মশার ওষুধ প্রয়োগ করে সন্ধ্যায় আবার দিয়ে দেয়া হয়। তবে আগামীতে ফগার মেশিন কেনার পরিকল্পনা রয়েছে।
বিনামূল্যে মুড়ি-গুড়-পানি বিতরণ
দ্বিতীয় দফার প্রথম দিন থেকে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি মুড়ি, পাটালী গুড় ও বোতলজাত পানি সরবরাহ করেছে।
বিশ্ব ইজতেমা ময়দানের মন্নুনগর এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের ক্যাম্পের পাশে স্থাপিত পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির তাঁবুতে শনিবার সকাল ১০টার দিকে গিয়ে দেখা গেছে, খাবার পানি নেয়ার জন্য মুসল্লিদের দীর্ঘ লাইন।
নারায়নগঞ্জ থেকে আসা জামাল উদ্দিন জানান, শুকনা খাবার পেয়ে মুসল্লিরা খুব খুশি হয়েছেন।
পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ডিজিএম (একাউন্ট এন্ড ফাইনান্স) মো. মজনুল হক সিকদার জানান, মুসল্লিদের সেবা দিতে তারা তিন দিনের জন্য তিন টন মুড়ি, এক টন গুড় ও ৬ হাজার বোতল পানি বিতরণ করবেন।
খোলা আকাশের নিচে মুসল্লিরা
বৃহস্পতিবার বিকালের আগেই ইজতেমা মাঠে লাখ-লাখ ধর্মপ্রাণ মুসল্লিতে কানায়-কানায় পূর্ণ হয়ে গেছে। তারপরও ইজতেমা মাঠের দিকে বানের পানির মতো ছুটছেন মুসল্লিরা।
শনিবার সকালে ইজতেমা মাঠ ঘুরে দেখা গেছে, যেসব মুসল্লি বাস, ট্রাক, ট্রেন, নৌকা, লঞ্চ, রিকশাভ্যানে করে দূর-দূরান্ত থেকে আসছেন মূল মাঠে তাদের স্থান সংকুলান করা যাচ্ছে না।
মাঠ ছাপিয়ে অগণিত মুসল্লি এখন খোলা আকাশের নিচে।
অসুস্থদের দীর্ঘ লাইন
মুসল্লিদের অনেককেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফ্রি-চিকিৎসা কেন্দ্রগুলো থেকে চিকিৎসা নিয়েছেন। ইবনে সিনা ও হামদর্দসহ ফ্রি চিকিৎসা কেন্দ্র এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
টঙ্গী হাসপাতালে চিকিৎসা চলছে
শুক্রবার সকাল ৮টাথেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গাজীপুর জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে তিনটি অস্থায়ী ক্যাম্পসহ টঙ্গী হাসপাতালে প্রায় ৩ হাজার ৮২৮ জন মুসল্লি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. শাহ আলম শরীফ জানান, টঙ্গী হাসপাতালে ১৭ জন ভর্তি ও ঢাকার বিভিন্ন মেডিকেলে ১২ জন মুসল্লিকে পাঠানো হয়েছে।
বিদেশি মুসল্লি
ইজতেমার দ্বিতীয় পর্বে আমেরিকা, জিম্বাবুয়ে, বেলজিয়াম, ক্যামারুন, চীন, কমোরোস, ফিজি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইতালি, কেনিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুইডেন, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য, জাম্বিয়া, কোরিয়া, আলজেরিয়া, জিবুতি, ইথিওপিয়া, ইরাক, ফিলিস্তিন, কুয়েত, মিসর, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, কাতার, অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, কম্বোডিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইরান, জাপান, মাদাগাস্কার, মালি, মোজাম্বিক, নাইজেরিয়া, পানামা, সেনাগাল, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া, ত্রিনিদাদ, রাশিয়া, সুদান, দুবাই, মরক্কো, কাতার, সোমালিয়া, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, পাকিস্তান, বাহরাইন, ইরিত্রিয়া, জর্দান, মৌরিতানিয়া, ভারতসহ বিশ্বের অর্ধশতাধিক রাষ্ট্রের প্রায় আট হাজার মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন।
বিভিন্ন ভাষা-ভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের জন্য ৩টি বিদেশি নিবাস নির্মাণ করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
পকেটমার ও হকার আটক
টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিশ্ব ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা থেকে মুসল্লিদের ব্যাগ টানা, পকেটকাটাসহ বিভিন্ন অপরাধে শনিবার পর্যন্ত ৩৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, বিশ্ব ইজতেমা মাঠ ও তার আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পকেটমারসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত
শনিবার ইজতেমা ময়দানের আশপাশে গড়ে ওঠা হোটেল রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তারা ৭টি হোটেল রেস্তোরাঁকে ১ লাখ ২৬ হাজার টাকা জরিমানা ও ৭টি মামলা করেন।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভুইয়া, সাইফুল ইসলাম মজুমদার ও মোসাদ্দেক মেহেদী ইমাম এ জরিমানা ও আদায় করেন।
আরো ৩ মুসল্লির মৃত্যু
শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় এক মুসল্লি ও শুক্রবার রাতে হৃদরোগে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, শনিবার ভোরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় চাপাইনবাবগঞ্জের আব্দুর রহমান (৬০) গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নূর মোহাম্মদ (৭০)। তিনি লোয়াখালীর সোনাইমুরি উপজেলার রাজনগর গ্রামের মৃত রজব আলীর ছেলে।
এছাঢ়া একই রাত ৩টার দিকে মৃত্যু হয় ঢাকার মিরপুর-২ এলাকার মোকলেছুর রহমানের ছেলে মুজিবুর রহমানের (৫৫)।
এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মোট ৯ মুসল্লির মৃত্যু হয়েছে।
এদের মধ্যে বৃহস্পতিবার রাতে মাগুরার হাজরাহাটি গ্রামের তুজাম সরদার (৮০), কুমিল্লার কুরচাব গ্রামের আব্দুল লতিফ (৭৫), নেয়াখালীর দুর্গাপুরের নূরে আলম (৬৫) এবং শুক্রবার ভোরে গোপালগঞ্জের ফকিরহাটখোলা এলাকার আব্দুর রব শেখ (৭০) হৃদ রোগে মারা যান।
শুক্রবার সকাল সাড়ে ৯টার সড়ক দুর্ঘটনায় নোয়াখালী সদরের বাতিয়া গ্রামের মাওলানা হেদায়েত উল্লাহ (৭০) মারা যান। এ ছাড়া বুধবার রাত পৌনে ১১টায় দিকে মারা যান মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার গোপালপুর গ্রামের মো. সফিকুল ইসলাম
যৌতুকবিহীন বিয়ে
শনিবার বাদ আছর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর। কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে বর এবং কনেপক্ষের লোকজনের উপস্থিতিতেেএ বিয়ে অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল থেকেই অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়।
নিয়মানুযায়ী বয়ান মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর ছুঁড়ে দেয়া হয়।
শনিবার আসর নামাজের পর ১৫১ দম্পতির বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার এক জিম্মাদার।
বাদ আছর ভারতের মাওলানা জোবায়রুল হাসান ওই যৌতুকবিহীন বিয়ে পড়ান। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ তোলা রুপা বা উহার সমমূল্য অর্থ।
বিশেষ করে তাবলীগী সাথীদের ছেলে-মেয়েদের মধ্যে এ বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।
গাড়ি পার্কিং
মুসল্লিদের যানবাহন পার্কিংয়ের জন্য স্থান নির্ধারণ করেছে ট্রাফিক বিভাগ।
ঢাকা মহানগর এলাকা- (১) সাধারণ পার্কিং-১: উত্তরার নিকুঞ্জ-১এর আবাসিক এলাকার খালি জায়গা।
(২) সাধারণ পার্কিং-২: উত্তরা ৬নংসেক্টর ও র্জাউক কলেজের আশেপাশের খালি জায়গা।
(৩) সিলেট বিভাগ- উত্তরা-১২ নং সেক্টর।
(৪) বরিশাল বিভাগ- ধৌড় ব্রিজ হতে ২০০ মিটার পশ্চিমে রাস্তার বাম পাশ।
(৫) ঢাকা বিভাগ পার্কিং- উত্তরা সোনারগাও জনপথ সড়কের পূর্বপাশে।
(৬) খুলনা বিভাগ পার্কিং-উত্তরা ১০ ও ১১নং সেক্টারের উভয়পাশে।
(৭) রংপুর বিভাগ- প্রত্যাশা হাউজিং।
(৮) চট্টগ্রাম বিভাগ-উত্তরা ১০নংসেক্টরেরর গাউসুল আজমরোড ও গরীব নেওয়াজরোড।
(৯) রাজশাহী বিভাগ- কামারপাড়া হাউজিং মাঠ/ উত্তরা ১০ নং সেক্টরের খালি জায়গা। ঢাকা জেলা- আশুলিয়া কলেজ মাঠ ও আশুলিয়া হাইস্কুল মাঠ।
গাজীপুর জেলা- (১) টঙ্গীর কে-২/নেভি সিগারেট কারখানা সংলগ্নস্থান, টঙ্গী রেলওয়ে জংশনের পূর্বপাশ, (২) কাদেরিয়া টেক্সটাইল মিলগেইট সংলগ্ন খালি জায়গা, (৩) কাদেরিয়া টেক্সটাইল সংলগ্ন রাস্তার উভয় পাশে, (৪) মেঘনা টেক্সটাইল মিল সংলগ্ন রাস্তার উভয় পাশে, (৫) সফিউদ্দিন সরকার একাডেমী মাঠ, (৬) জয়দেবপুর-চৌরাস্তা ট্রাক স্ট্যান্ড, (৭) চান্দনা-হাইস্কুল মাঠ ও (৮) ভাওয়াল কলেজ মাঠ।
যেসব স্থানে গাড়ি পার্কিং নিষেধ- মহাখালী ক্রসিং থেকে টঙ্গী হয়ে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুইপাশ, আব্দুল্লাহপুর থেকে বাইপাইল, প্রগতিসরণীস্থ মধ্যবাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রাস্তার দুই পাশ।
যেসব পথে গাড়ি চলবে
শনিবার মধ্যরাতের পর থেকে পরিস্থিতি বুঝে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, আশুলিয়া-বাইপাইল, কামারপাড়া, স্টেশনরোড থেকে মীরের বাজার পর্যন্ত সকল গাড়ি চলাচাল বন্ধ থাকবে।
বিকল্প পথ হিসেবে ময়মনসিংহ ও সিলেট থেকে যারা ঢাকা যাবে তাদের ভোগড়া বাইবাস থেকে মীরের বাজার হয়ে কাঁচপুর দিয়ে অতিক্রম করতে হবে। আবার যারা রাজশাহীসহ উত্তরবঙ্গ থেকে ঢাকা যাবে তারা নবীনগর-চন্দ্রা কিংবা আশুলিয়া-বাইপাইলের ধৌড় ব্রীজ হয়ে বেড়িবাঁধ দিয়ে অতিক্রিম করতে বলা হয়েছে।
মোনাজাতের দিন ঢাকা থেকে ইজতেমাস্থলগামী মুসল্লিদের টঙ্গী ব্রিজ পরিহার করে আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়ক ধরে পায়ে হেঁটে ইজতেমা ময়দানের পশ্চিমপাশ দিয়ে ভাসমান সেতু দিয়ে ময়দানের ভেতরে প্রবেশের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
এছাড়া এসংক্রান্ত যাবতীয় তথ্য জানতে মোবাইল নং-০১৭৬৯৬৯০৪২০ এবং গাজীপুর নিজস্ব ফেস বুক (Traffic Division, Gayipur) থেকে জানা যাবে।
শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার সকাল সাড়ে ১০-সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
বিশ্ব ইজতেমার প্রচলন বাংলাদেশে
ইজতেমার মুরুব্বিদের দেয়া তথ্যমতে, ১৯৪৬ সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমার আয়োজন শুরু করা হয়। তারপর ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজী ক্যাম্পে ও ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়।
এরপর লোকসংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৬৬ সালে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বর্তমানস্থলে স্থানান্তর করা হয়েছে।
পরে সরকারিভাবে তুরাগ তীরের ১৬০ একর জমি স্থায়ীভাবে ইজতেমার জন্য বরাদ্দ দেয়া হয়।
ময়দানের পরিসর বাড়ানোর দাবি
শনিবার দুপুরে বিশ্ব ইজতেমার ময়দানের বিদেশী নিবাসে ইজতেমা কর্তৃপক্ষ সাংবাদিকদের মাধ্যমে তাদের বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেছেন।
বিশ্ব ইজতেমার শীর্ষ মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, বিশ্ব ইজতেমায় দেশ বিদেশের মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকায় বর্তমান আয়তনে ইজতেমার আয়োজন কঠিন হয়ে পড়েছে। তাই এর পরিধি আরো বাড়ানো একান্ত প্রয়োজন।
তিনি ইজতেমা ময়দানের স্থান বৃদ্ধির জন্য বাটা সু কোম্পানি, এটলাস বাংলাদেশ লিমিটেড, আশরাফ টেক্সটাইল মিলস লি., সাবান ফ্যাক্টরি ও টেলিফোন শিল্প সংস্থার জায়গাসমূহ ইজতেমা কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্ধের দাবি জানান।
এছাড়া ইজতেমা ময়দানের পশ্চিম প্রান্তে আঁকাবাঁকা তুরাগ নদীকে সোজাভাবে প্রবাহমান করে এর জায়গা বৃদ্ধির জন্যও দাবি জানিয়েছেন।
সাংবাদিকদের দাবি
বিশ্ব ইজতেমার সংবাদ কভারেজের জন্য সাংবাদিকদের নানা প্রকার হয়রানির শিকার হতে হয়। সেজন্য সাংবাদিকদের জন্য ইজতেমা কর্তৃপক্ষের কাছে একটি পৃথক তথ্য কেন্দ্র স্থাপনের দাবি জানান বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
