২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠল প্রাণের মেলার

প্রথমবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে পাশের সোহরাওয়ার্দী উদ্যানে বসছে অমর একুশে গ্রন্থমেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 09:30 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল অমর একুশে গ্রন্থমেলার, কবি-লেখক-সাহিত্যিক আর বইপ্রেমীদের পদচারণায় ভাষার মাস পুরো ফেব্রুয়ারিজুড়ে যা হয়ে উঠবে বাঙালির মিলনমেলা।

এবছরই প্রথমবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে পাশের সোহরাওয়ার্দী উদ্যানে বিস্তৃত হয়েছে বইমেলা।

শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরপরই বইপ্রেমীদের জন্য খুলে দেয়া হয় মেলা।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। আর ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা।

ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিজুড়ে বাংলা একাডেমীর আয়োজনে হয়ে আসছে অমর একুশে গ্রন্থমেলা। এই মেলা এতোদিন বাংলা একাডেমী প্রাঙ্গণেই সীমাবদ্ধ ছিল।

তবে প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়া এবং বিভিন্ন ভবন নির্মিত হওয়ায় একাডেমি প্রাঙ্গণে স্থান সঙ্কুচিত হয়ে পড়ায় এবার মেলার একটি অংশ পাশের সোহরাওয়ার্দী উদ্যানে নেয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানসহ সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান একাডেমি চত্বরেই হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়াটিক সোসাইটি, শিল্পকলা একাডেমী, জাতীয় জাদুঘরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টল থাকবে মেলার মূল প্রাঙ্গণে।

মেলায় ভিড় এড়াতে বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যবর্তী দোয়েল চত্বর-টিএসসি সড়কে বইয়ের স্টল ও দোকান বসছে না এবার।

বইমেলার পরিধির বাড়ানো নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা করা নিয়ে মত-দ্বিমত থাকতে পারে। তবে সোহরাওয়ার্দী উদ্যানের একটা ঐতিহাসিক মূল্য আছে।”

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “মেলার পরিধি প্রতিবছরই নিজেকে অতিক্রম করছে। এ কারণে মেলার বিস্তৃতি শুধু একাডেমি প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখা আর সম্ভব হচ্ছে না। এ কারণেই মেলার একটি অংশকে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি, শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিকে নিয়ে রাজধানীতে একটি ‘বৃহৎ সাংস্কৃতিক কেন্দ্র’ বাস্তবায়নের উদ্যোগের কথা তুলে ধরেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ কেন্দ্র বাস্তবায়ন হলে সব অন্যায় ও অকল্যাণ দুর হবে এবং তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।

এবারের মেলায় ২৯৯টি প্রতিষ্ঠানকে ৫৩৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

শুক্রবার বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে মেলা  আয়োজক কমিটির প্রধান সাহিদা খাতুন জানান, সোহরাওয়ার্দী উদ্যানে ২৩২টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৪৩২টি, বাংলা একাডেমি চত্বরে ২৪টি শিশু-কিশোর প্রকাশনা সংস্থাকে ৩৩টি এবং সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও অন্যান্য ৪৩ প্রতিষ্ঠানকে ৬৯টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

এবার ৫৫টি লিটল ম্যাগাজিনকে লিটল ম্যাগাজিন কর্ণারে জায়গা দেয়া হয়েছে। মেলার ওই অংশের নাম রাখা হয়েছে প্রয়াত কবি খোন্দকার আশরাফ হোসেনের নামে।

সাহিদা খাতুন বলেন, প্রতিবারের মতো এবারো ছোট প্রকাশনা সংস্থা এবং যারা ব্যক্তি উদ্যোগে বই প্রকাশ করছেন তাদের বই গ্রন্থকেন্দ্রের স্টলে রাখা যাবে।

মেলায় বাংলা একাডেমির বই ৩০ শতাংশ এবং অন্যান্য প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি করা হবে বলে জানান তিনি।

সদ্য প্রয়াত সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ভাষাসংগ্রামী হাবিবুর রহমানকে এবারের বই মেলা উৎসর্গ করা হয়েছে।

বইমেলার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছেন গোয়েন্দারাও। মেলার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

মেলায় প্রবেশের জন্য পুষ্টি ভবনের সামনে এবং আণবিক শক্তি কমিশনের সামনে দুটি প্রবেশপথ রাখা হয়েছে। প্রতিটি প্রবেশমুখে দুটি করে আর্চওয়ে দিয়ে মেলায় ঢোকার ব্যবস্থা করা হয়েছে।

১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বটতলায় মাত্র ৩২টি বই নিয়ে প্রথম বইমেলার প্রচলন করেন ‘মুক্তধারা’ প্রকাশনীর চিত্তরঞ্জন সাহা। ১৯৭৬ সালে এসে তার সঙ্গে যোগ দেয় আহমদ পাবলিশিং হাউস। এরপর ১৯৭৭ সালে একে একে যোগ দেয় নওরোজ কিতাবিস্তান ও চলন্তিকা।

১৯৭৮ সালে প্রাতিষ্ঠানিকভাবে বইমেলার আয়োজন শুরু করে বাংলা একাডেমী। ১৯৮৪ সালে বইমেলার নাম হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’।