‘দশ ট্রাক অস্ত্র মামলায় দণ্ডিতদের রক্ষা করা যাবে না’
হরতাল দিয়ে দশ ট্রাক অস্ত্র মামলার আসামিদের রক্ষা যাবে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শনিবার সিলেট এক অনুষ্ঠানে তিনি বলেন, অস্ত্র চোরাচালান মামলার রায় হয়েছে। জামায়াত হরতাল ডেকে নৈরাজ্যের পথ খুঁজছে। কিন্তু হরতাল দিয়ে অপরাধীদের রক্ষা করা যাবে না।
বৃহস্পতিবার ১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
শাহজাহান খান বলেন, “পত্রিকায় পড়েছি, খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করবেন। যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি জামায়াত-বিএনপিকে এক পরিবার হিসেবে আখ্যা দেন, তাদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্পর্ক থাকতে পারে না।”
তারা মুক্তিযোদ্ধা নয়, এরা ‘জাতির কুলাঙ্গার’ সন্তান। এদের চিহ্নিত করার আহ্বান জানান এই মন্ত্রী।
শাহজাহান খান বলেন, “খালেদা জিয়া কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। মুখে গণতন্ত্রের কথা বলে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।”
দুপুরে কবি নজরুল অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত সিলেট ও সুনামগঞ্জের মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল মোর্শেদ খান, কবির আহমদ খান প্রমুখ বক্তব্য রাখেন।
