শাবির আশপাশের ১২টি ছাত্রবাস খালির নির্দেশ
শিবিরের তাণ্ডবের ঘটনার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশপাশের ১২টি ছাত্রাবাস খালি করার নির্দেশ দিয়েছে পুলিশ।
জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাংচুর ও হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকতে না পারে তাই ১২টি ছাত্রাবাস খালি করার নির্দেশ দেয়া হয়েছে।
“সাত দিনের মধ্যে এ ১২টি ছাত্রাবাস সম্পূর্ণ খালি করতে হবে বলে শনিবার বিকেলে নির্দেশ দেয়া হয়েছে।”
এছাড়া অন্য ছাত্রাবাস থেকে কোনো সন্ত্রাসী ধরা পড়লে বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তাদের জানানো হয়েছে।
এ ছাড়া শিবিরের তাণ্ডবের পর থেকে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জালালাবাদ থানার ওসি।
গত ২৬ জানুয়ারি দুপুরে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন, শিক্ষক-শিক্ষার্থীদের বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাংচুর করে শিবিরকর্মীরা।
এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. ইসফাকুল হোসেন।
এ ঘটনায় ইসফাকুল ও জালালাবাদ থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ সে রাতেই দুটি মামলা করেন। এতে বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদকসহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
