২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে প্রতারণা মামলায় শিক্ষক কারাগারে

নীলফামারীতে প্রতারণা মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 08:00 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শনিবার জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শাহদাৎ হোসেন প্রামানিক এ আদেশ দেন।

শুক্রবার রাতে গ্রেপ্তার আবুল হোসেন শেখ (৪২) সদরের চড়াই খোলা ইউনিয়নের ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি শেখপাড়া গ্রামের প্রয়াত আফছার উদ্দিন শেখের ছেলে।

নীরফামারী সদর থানার উপ-পরিদর্শক এরশাদুল আলম জানান, এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি বিডি লিমেটেড নামের একটি কোম্পানির করা দুটি প্রতারণার মামলায় শুক্রবার সন্ধ্যায় শহরের বাটার মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার বিকালে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক শাহদাৎ হোসেন প্রামানিক তাকে জেলাকারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি বিডি লিমেটেডের উপ-মহাব্যবস্থাপক সুব্রত সরকার জানান, ২০১০ সালে আবুল হোসেন শেখ তার নিজের ৩৫ শতাংশ এবং অপর এক আত্মীয়ের ৭০ শতাংশ জমি ভুয়া দলিলের মাধ্যমে কোম্পানির কাছে বিক্রি করেন।

এছাড়াও তিনি তার আরেক আত্মীয়ের ১ একর ৭০ শতাংশ জমি ভুয়া দলিলের মাধ্যমে এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি বিডি লিমেটেডের কাছে বিক্রি করেন, যা দলিল যাচাইবাছাইয়ে ধরা পড়ে।

এ ঘটনায় গত বছরের ২৩ ও ২৫ ডিসেম্বর তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় পৃথক দুটি প্রতারণার মামলা দায়ের করেন ওই কোম্পানির ম্যানেজার মনোয়ার হোসেন।