‘ক্ষুধা ও দারিদ্র্য জয়ের পর নজর মেধা বিকাশে’
ক্ষুধা ও দারিদ্র্য অনেকাংশে জয়ের পর সরকার এবার পুষ্টি ও মেধা বিকাশে নজর দিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শনিবার শেরপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “দুইবেলা খাবার আমাদের আছে। আমরা উন্নত জীবনের কথা, পুষ্টির কথা ও মেধার কথা ভাবি। কী খেলে একজন শিশু বেশি পড়াশোনা করতে পারবে এবং ব্রেন ভাল হবে সেটার কথা আমরা ভাবি।”
কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৮০ একর জমিতে পুষ্টি ইনস্টিটিউট করা হচ্ছে বলে জানান মতিয়া।
“এমন ধরনের ফসল আমরা গবেষণার মাধ্যমে আবিষ্কার করতে চাই, যেটা কম খেলে পুষ্টি বেশি পাওয়া যাবে এবং ব্রেন ভাল হবে। এগুলিই এখন আমাদের গবেষণা।”
নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দপ্তরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বক্তব্য দেন।
কৃষিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত বিভিন্ন সহায়তার কিছু চেক ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করেন।
অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন ও নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন বক্তব্য রাখেন।
