কিশোরগঞ্জে শিশুর ধর্ষণকারীর বিচার দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুর ধর্ষণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদরের ওই ছাত্রীর স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন হয়।
মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক ঘুরে এসে স্কুল প্রাঙ্গণে শেষ হয়।
গত ২৮ জানুয়ারী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্থানীয় জিগাতলা বাজারের মিষ্টি ব্যবসায়ী শামীম (৩০) ওই শিশুটিকে মিষ্টির প্রলোভন দেখিয়ে পাশের একটি কলাবাগনে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এসময় তার দুই সহযোগী দীন ইসলাম (২২) ও আলাল (৩৫) তাকে সহায়তা করে বলেও ছাত্রীটি জানায়।
অভিযুক্ত শামীম কড়িয়াইল গ্রামের মস্তফা কামালের ছেলে, দীন ইসলাম একই গ্রামের আমির উদ্দিনের ছেলে এবং আলাল পশ্চিম মাথিয়া গ্রামের মরহুম শহর উদ্দিনের ছেলে।
শিশুটি বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম আক্তার।
এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল জব্বার বাদি হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় তিনজনকে আসামি করে একটি মামলা করলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সাদিকুর রহমান বলেন, মামলার তদন্ত অব্যাহত আছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
